☰
✕

দেশ নির্বাচনী মেজাজে আছে, কেউ বাধা দিতে পারবে না : শাহরিয়ার আলম

১৯ নভেম্বর, ২০২৩

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেছেন, তফসিল ঘোষণার পর দেশের জনগণ যে উৎসাহ-উদ্দীপনা দেখিয়েছে তাতে কেউ নির্বাচনে বাধা দিতে পারবে না।তিনি বলেন, 'আমরা এখন নির্বাচনী মেজাজে আছি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, কেউ নির্বাচনে বাধা দিতে পারবে না।

রবিবার(১৯ নভেম্বর)জাতীয় প্রেস ক্লাবে আইডিডিবি আয়োজিত 'দক্ষিণ এশিয়ায় নির্বাচন ও এ অঞ্চলের প্রভাব: গণতন্ত্র ও সংবিধানের ধারাবাহিকতা' শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তসহ আরও অনেকে।

শাহরিয়ার আলম বলেন, সহযোগিতা ও বন্ধুত্ব সীমানার মধ্যে সীমাবদ্ধ থাকা উচিত নয়। তিনি বলেন, গণতন্ত্রের শত্রুরা এখনও সক্রিয় এবং অভ্যন্তরীণ যে কোনো ইস্যু দক্ষিণ এশিয়ায় প্রভাব ফেলবে।তিনি বলেন, ‘আমরা একে অপরের কাছাকাছি বাস করি, আমাদের সমস্যা রয়েছে এবং সমস্যাগুলো থাকবে।’ বৃহত্তর মঙ্গলের জন্য সম্মিলিতভাবে আরও অনেক কিছু করার আছে।

প্রতিমন্ত্রী বলেন, বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জিত হয়েছে।বিএনপির অবস্থানের কথা উল্লেখ করে শাহরিয়ার বলেন, যারা আগামী নির্বাচনে অংশ নেবে না তারা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার অংশ হবে না।

তিনি বলেন, অতীতে বিএনপির নির্বাচন বর্জনের ভুলে দেশ-বিদেশে এমনকি তাদের ‘বিদেশি প্রভুরাও’ তাদের  ব্যাপক সমালোচনা করেছে।পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপির কিছু সমর্থক গভীরভাবে হতাশ এবং তারা দলের অগণতান্ত্রিক দৃষ্টিভঙ্গিতে কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না।

সূত্র : ইউএনবি