টেকনাফে ট্রলার থেকে বিপুল বিয়ার ও মদ জব্দ

০৮ এপ্রিল, ২০২৪

কক্সবাজারের টেকনাফের সাবরাংয়ের কাটাবুনিয়া এলাকা থেকে বিপুল বিয়ার ও মদ উদ্ধার করেছে কোস্টগার্ড। এ সময় একটি মাছ ধরার ট্রলার জব্দ করা হয়।

রোববার (৭ এপ্রিল) বিকেলে কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড আউটপোস্ট শাহপরীর দ্বীপের সাবরাং ইউনিয়নের কাটাবুনিয়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি ট্রলার থেকে ৪৮০ ক্যান আন্দামান গোল্ড বিয়ার এবং ১১৬ বোতল গ্র্যান্ড রয়েল সিগনেচার মদ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত বিয়ার, মদ ও ইঞ্জিনচালিত কাঠের ট্রলার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ  থানায় হস্তান্তর করা হয়েছে।