বৃষ্টির দিনের স্ন্যাকস রেসিপি

২৭ মে, ২০২৪

বৃষ্টিভেজা দিনে মন ভালো রাখার উপায় মুচমুচে, নোনতা কিছু স্ন্যাকস। আর বৃষ্টি মানেই হলো ধূমায়িত এক কাপ গরম চা এবং তার সঙ্গে সুস্বাদু কিছু স্ন্যাক্স থাকা চাই এই আবহাওয়াকে উপভোগ করার জন্য।

নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার জেরে সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে সারা দেশে। তাই বর্ষণ মুখরিত দিনে চায়ের সঙ্গে টা অর্থাৎ ‘চিকেন ব্রোস্ট’ এর সহজ রেসিপিটি দেখে নিন।

ম্যারিনেশনের জন্য উপকরণ

চিকেন ব্রেস্ট (ছোট কিউব কাট) – ২ কাপ
আদাবাটা – ১ চা-চামচ
রসুনবাটা – ১ চা-চামচ
গোলমরিচের গুঁড়ো – ১ চা-চামচ
লবণ পরিমাণমতো
লাল মরিচ গুঁড়ো – আধ চা-চামচ 
ও বাটার মিল্ক (১ কাপ দুধে ১ টেবিল চামচ ভিনিগার/লেবুর রস ৫ মিনিট রেখে বানানো)।

শুকনো উপকরণ

ময়দা – ১ কাপ
কর্নফ্লাওয়ার – ২ টেবিল চামচ
লাল মরিচগুঁড়ো – ১ চা-চামচ 
মেশানো হার্বস– ১ চা-চামচ
গোলমরিচের গুঁড়ো– আধা চা-চামচ 
তেল পরিমাণমতো।

প্রণালী

একটি পাত্রে ম্যারিনেশনের সব গুঁড়োমশলা ও চিকেন ব্রেস্ট ভালো করে  একসঙ্গে মিশিয়ে ১ ঘণ্টা রেখে দিন। এবার ম্যারিনেট করা চিকেনে বাটার মিল্ক দিয়ে আরো ১ ঘণ্টা রেখে দিন।

একটি ছড়ানো পাত্রে ময়দাসহ সব শুকনো উপকরণ মিশিয়ে নিন। চিকেন ব্রেস্টের টুকরোগুলো শুকনো ময়দায় ভালো করে মিশিয়ে তুলে রাখুন।

কড়াইতে অনেকটা তেল গরম করতে দিন। তেল গরম হলে ময়দায় গড়ানো টুকরো মাঝারি আঁচে ভেজে তুলে পছন্দমতো সস দিয়ে গরম–গরম পরিবেশন করুন।