১৯ জুন, ২০২৪
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় চার দিনে পৃথকস্থানে ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। ঈদের তৃতীয় দিন জেলার মান্দায় একজন, ঈদের দিন নিয়ামতপুরে একজন, মহাদেবপুরে একজন, ঈদের আগের দিন পত্নীতলায় একজন ও বদলগাছীতে একজনের মৃত্যু হয়। এ ছাড়া সড়ক দুর্ঘটনায় অন্তত ৫ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ জুন) সকাল সাড়ে ৮টার দিকে মান্দা উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের জলছত্র মোড় নামকস্থানে বাসের ধাক্কায় আয়েশা বেগম (৪৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী।
নিহত আয়েশা উপজেলার নাদাইল গ্রামের বাসিন্দা। এ ঘটনায় অন্তত ৫ জন আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ সদস্য ব্রহানী সুলতান মাহমুদ গামা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার ঈদুল আজহা উপলক্ষে আত্মীয়ের বাড়ি যাওয়ার জন্য বের হন আয়েশা বেগম। সেই জন্য সকাল ৭টার দিকে মান্দার ফেরিঘাট থেকে একটি ইজিবাইকে চড়ে কয়েকজন যাত্রী নওগাঁয় নওহাটার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে পৌঁছালে রাজশাহী থেকে ছেড়ে আসা নওগাঁগামী একটি বাস ইজিবাইকের পিছনে ধাক্কা দিলে বৃদ্ধাসহ কয়েকজন যাত্রী রাস্তায় ছিটকে পড়ে আহত হন। এতে ঘটনাস্থলেই বৃদ্ধা মারা যান। কেউ কেউ বলছেন অপর একটি বাস বৃদ্ধার ওপর দিয়ে যাওয়ার কারণে তার মৃত্যু হয়েছে।
পরে আহতদের স্থানীয় একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে নওগাঁ মর্গে পাঠিয়েছে।
ঈদের দিন সোমবার (১৭ জুন) সকাল ১০টার দিকে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের খড়িবাড়ী বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক হৃদয় (১৮) নামে এক তরুণ নিহত হয়েছে। নিহত হৃদয় ওই ইউনিয়নের নাকইল এলাকার সারোয়ার হোসেনের ছেলে। মহাদেবপুর থেকে নিজ বাড়ি বদলগাছীতে আসার পথে মাহীব হাসান (১৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
এদিন বিকেল সাড়ে ৫টার দিকে মহাদেবপুর রঘুনাথপুর সড়কে পৌঁছান মাতাজী থেকে মহাদেবপুরগামী অপর একটি মোটরসাইকেলের ধাক্কায় মারা যান তিনি। নিহত মাহীব হাসানের বাড়ি বদলগাছী সদরে। এবং মাতাজি মেশিনারিজের স্বত্তাধিকারী এম জামান পিন্টুর বড় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের নামাজ শেষে মোটরসাইকেল পরিষ্কার করতে নিয়ামতপুর বাজারের উদ্দেশ্যে রওনা দেন নিহত হৃদয়। মোটরসাইকেলটি দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থল থেকে স্থানীয়রা হৃদয়কে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিয়ামতপুর থানার ওসি মাইদুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।