২১ সেপ্টেম্বর, ২০২৬
ইতালির স্কুলগুলোতে মুখ ঢাকা বোরকা নিষিদ্ধ ও প্রতিটি শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
রোববার (২০ সেপ্টেম্বর) নিজের দল ব্রাদার্স অব ইতালির যুব শাখার আয়োজিত এক অনুষ্ঠানে ডানপন্থি অবস্থান তুলে ধরে এসব ঘোষণা দেন তিনি। খবর রয়টার্সের।
প্রতিবেদন অনুযায়ী, মধ্য ভূমধ্যসাগরীয় অঞ্চলে অবস্থানের কারণে অভিবাসনপ্রত্যাশীদের আগমনের ক্ষেত্রে ইউরোপের অন্যতম প্রধান প্রবেশপথ ইতালি। ফলে দেশটিতে অভিবাসন দীর্ঘদিন ধরে রাজনৈতিকভাবে স্পর্শকাতর বিষয় এবং সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে
বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো থেকে আসা অভিবাসীদের একীভূতকরণ নিয়ে ইতালির রাজনীতি ও সমাজে বিতর্ক রয়েছে। ধর্মীয় প্রতীক, সাংস্কৃতিক একীভূতকরণ, নাগরিকত্বের নিয়ম এবং অভিবাসননীতি নিয়ে প্রায়ই মতবিরোধ দেখা যায়।
মেলোনি বলেন, শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে একটি প্রস্তাব উপস্থাপন করা হবে। এর মাধ্যমে আইনগতভাবে প্রতিটি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা নির্ধারণ করা হবে। পাশাপাশি স্কুল ব্যবস্থায় একীভূত হতে গুরুতর সমস্যায় থাকা বিদেশি শিক্ষার্থীদের অভিভাবকদের ইতালীয় ভাষা শেখার বাধ্যবাধকতা আরোপ করা হবে এবং স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করা হবে।
তিনি বলেন, যদি একটি শ্রেণিতে মাত্র একজন শিশু থাকে, যে ইতালীয় ভাষা বোঝে না, তাহলে সহপাঠী ও শিক্ষকদের সহায়তায় সে দ্রুত ভাষাটি শিখতে এবং একীভূত হতে পারবে। কিন্তু ভাষাটি বোঝে না এমন শিশুর সংখ্যা যদি অনেক বেড়ে যায়, এমনকি সংখ্যাগরিষ্ঠও হয়ে যায় তাহলে সেটি আর একীভূতকরণ নয়; বরং অবহেলা।
তবে প্রতিটি শ্রেণিতে বিদেশি শিক্ষার্থীর সর্বোচ্চ সংখ্যা কত হবে, তা নির্দিষ্ট করেননি মেলোনি।
গবেষণা প্রতিষ্ঠান ফোন্দাজিওনে আইএসএমইউর তথ্য অনুযায়ী, ইতালির স্কুলগুলোতে ভর্তি শিক্ষার্থীদের ১১ দশমিক ৬ শতাংশ ইতালীয় নাগরিক নয়। অর্থাৎ প্রতি ১০০ শিক্ষার্থীর মধ্যে প্রায় ১২ জন বিদেশি নাগরিক।
স্কুলে মুখ ঢাকা পোশাকের বিষয়ে মেলোনি বলেন, স্কুলে আপনাকে মুখ খোলা রেখেই যেতে হবে। ইতালিতে কোনো বাস্তব বা কথিত ঐতিহ্যের নামে কেউ কোনো তরুণীকে তার মুখ ঢেকে রাখতে বাধ্য করতে পারে না।