২১ সেপ্টেম্বর, ২০২৬
জাপানের প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে একটি শক্তিশালী টাইফুন ‘দুজুয়ান’ দ্রুত এগিয়ে আসছে।এর প্রভাবে রাজধানী টোকিওসহ দেশের পূর্ব ও মধ্যাঞ্চলে মুষলধারে বৃষ্টি, প্রচণ্ড ঝোড়ো হাওয়া ও ভূমিধসের তীব্র ঝুঁকি তৈরি হয়েছে।
জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ) সতর্ক করে জানিয়েছে, সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলের দিকে পরিস্থিতি দ্রুত খারাপ হতে পারে। টাইফুনটি টোকিও মহানগর এলাকা ও এর আশেপাশের অঞ্চলের ওপর দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। গত শনিবার (১৯ সেপ্টেম্বর) থেকেই ইজু দ্বীপপুঞ্জ ও চিবা প্রিফেকচারসহ উপকূলীয় কিছু এলাকায় টানা ভারি বৃষ্টি হচ্ছে, যার পরিমাণ ইতিমধ্যে ৩০০ মিলিমিটার (১২ ইঞ্চি) ছাড়িয়ে গেছে।
আবহাওয়াবিদরা সতর্ক করেছেন, যেকোনো সময় নির্দিষ্ট কিছু এলাকায় রৈখিক বৃষ্টিবলয় (লিনিয়ার রেইন ব্যান্ড) তৈরি হতে পারে।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এর ফলে একটি নির্দিষ্ট জায়গায় টানা কয়েক ঘণ্টা ধরে অস্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে, যা আকস্মিক বন্যা ও ভূমিধসের ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।
টাইফুনের কারণে মধ্য জাপানের আইচি প্রিফেকচারে চলমান এশিয়ান গেমসের অশ্বারোহী (ইকুয়েস্ট্রিয়ান) প্রতিযোগিতা স্থগিত করে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নির্ধারণ করা হয়েছে। চলতি বছর বিশ্বজুড়ে তীব্র খরা, অস্বাভাবিক বৃষ্টি ও ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের মতো চরম আবহাওয়া দেখা যাচ্ছে, যার বর্তমান শিকার হতে যাচ্ছে জাপান।