☰
✕

‘আমি স্পষ্টভাবে জানাতে চাই,আমার কোনো বাগদান হয়নি - জেবিন

২৫ সেপ্টেম্বর, ২০২৬

ধারাবাহিক নাটক ‘দেনা পাওনা’-তে ‘নাবিলা সিক্স’ চরিত্রে অভিনয় করে দর্শকের পরিচিতি পান অভিনেত্রী শিরতাজ জাহান জেবিন।সম্প্রতি তার বাগদান হয়েছে-এমন খবর প্রকাশিত হলেও বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এই অভিনেত্রী। জেবিন জানিয়েছেন, সম্প্রতি তার কোনো বাগদান হয়নি।

২৪ সেপ্টেম্বর নিজের ফেসবুক পোস্টে এ নিয়ে কয়েকটি গণমাধ্যমের নাম উল্লেখ পূর্বক ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন জেবিন। জেবিন লিখেছেন, ‘আমি স্পষ্টভাবে জানাতে চাই, সম্প্রতি আমার কোনো বাগদান হয়নি। সংবাদটি সম্পূর্ণ ভুল এবং আমার সঙ্গে কোনো ধরনের যোগাযোগ বা তথ্য যাচাই না করেই প্রকাশ করা হয়েছে।’

বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন জেবিন। বাবার চিকিৎসার জন্যই তিনি দেশের বাইরে রয়েছেন বলে জানান। এই সময়ে তার পুরো মনোযোগ বাবার চিকিৎসা ও পরিবারের প্রতি।

এমন সংবেদনশীল সময়ে ব্যক্তিগত জীবন নিয়ে তথ্য যাচাই ছাড়া সংবাদ প্রকাশে বিব্রত হয়েছেন বলেও জানান এই অভিনেত্রী। জেবিনের ভাষ্য, ‘একজন শিল্পীর ব্যক্তিগত জীবন নিয়ে সংবাদ প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নেওয়া এবং তথ্যের সত্যতা যাচাই করা গণমাধ্যমের দায়িত্ব। বিশেষ করে প্রতিষ্ঠিত সংবাদমাধ্যমের কাছ থেকে এমন দায়িত্বশীলতাই প্রত্যাশিত।’

প্রকাশিত সংবাদ যাচাই করে প্রয়োজনীয় সংশোধনের জন্য তার স্ট্যাটাসে উল্লেখিত গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়েছেন জেবিন। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ব্যক্তিগত বা সংবেদনশীল বিষয় প্রকাশের আগে সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।

নিজের অনুসারী ও শুভাকাঙ্ক্ষীদেরও সতর্ক করেছেন অভিনেত্রী। কোনো সংবাদ দেখেই সেটিকে সত্য ধরে না নিয়ে তথ্যের সত্যতা যাচাই এবং বিভ্রান্তিকর সংবাদ শেয়ার না করার অনুরোধ জানিয়েছেন তিনি।

জেবিন মনে করেন, ভুল সংবাদ শুধু একজন ব্যক্তির ভাবমূর্তিতে প্রভাব ফেলে না, এর প্রভাব পড়ে তার পরিবার ও ব্যক্তিগত জীবনেও। পোস্টের শেষ দিকে তিনি লিখেছেন, ‘সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করা হোক। সংবাদ হোক তথ্যনির্ভর, অনুমাননির্ভর নয়।’