২৫ সেপ্টেম্বর, ২০২৬
এশিয়ান গেমসে বড় অঘটনের শিকার হলো আফগানিস্তান। 'এ' গ্রুপের ম্যাচে তাদের ৫ উইকেট আর ১৬ বল হাতে রেখে হেসেখেলে হারিয়ে দিলো নেপাল।
নেপালের বোলাররাই জয়ের ভিত গড়ে দিয়েছিলেন। নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে মাত্র ১০২ রান করতে পারে আফগানিস্তান। জবাবে ১৭.২ ওভারে জয় তুলে নেয় নেপাল।
১২ রানে ২টি আর ৫৬ রানে ৪ উইকেট হারালেও জয় পেতে কষ্ট হয়নি নেপালের। সন্দীপ জোরা করেন ৩৫ বলে ৩৪। রোহিত পাওদেল ৩২ বলে ৩৩ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই স্বস্তিতে ছিল না আফগানিস্তান। ললিত রাজবংশীর বাঁহাতি স্পিনে ১৬ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে বসে তারা।
মাঝে ইনিংস মেরামতের চেষ্টা করেন ফয়সাল খান আর নাজিবুল্লাহ জাদরান। কিন্তু তারা দুজনও ঠিক টি-টোয়েন্টি খেলতে পারেননি। ফয়সাল ৩৩ বলে ৩০ আর জাদরান ৪০ বল খেলে করেন ৩০ রান।
ললিতের বাঁহাতি স্পিনের পর আফগানিস্তানকে চেপে ধরেন লেগস্পিনার কুশল ভুরতেল।
৪ ওভারে মাত্র ১৩ রান দিয়ে ৩টি উইকেট নেন ললিত রাজবংশী। ভুরতেল ৪ ওভারে একটি মেইডেনসহ ২১ রানে শিকার করেন ৪টি উইকেট।