☰
✕

বার্সেলোনার কাছে আলভারেজ এখন অতীত

২৫ সেপ্টেম্বর, ২০২৬

অ্যাতলেটিকো মাদ্রিদের স্ট্রাইকার হুলিয়ান আলভারেজের ভবিষ্যৎ নিয়ে আনুষ্ঠানিক বক্তব্য দিলেন বার্সেলোনার ক্রীড়া পরিচালক ডেকো।

সবশেষ দলবদলের বাজারে আর্জেন্টিনার আন্তর্জাতিক স্ট্রাইকারের পেছনে অনেক সময় ব্যয় করেছে কাতালান ক্লাব। তাকে নিতে ১০০ মিলিয়ন ইউরোর বেশি প্রস্তাব দিয়েছিল তারা। কিন্তু মাদ্রিদ ক্লাব জানিয়ে দেয়, ৫০০ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিতে না পারলে ন্যু ক্যাম্পের জন্য ছাড়া হবে না আলভারেজকে।

ওই ঘটনার পর আলভারেজ মানসিকভাবে ভেঙে পড়েন বলে খবর উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। কয়েকটি অনুশীলনেও উপস্থিত হননি বিশ্বজয়ী স্ট্রাইকার। বার্সায় যাওয়ার প্রবল ইচ্ছা সত্ত্বেও থেকে যেতে হয়েছে মাদ্রিদ ক্লাবে। এনিয়ে প্রায় প্রতি ম্যাচেই দর্শকদের কাছ থেকে দুয়ো শুনতে হচ্ছে তাকে।

এবার আলভারেজের হৃদয় ভেঙে দিয়ে ডেকো জানালেন, তাকে চুক্তি করার আকাঙ্ক্ষা এখন অতীত। এএস-কে তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা সবসময়ই ছিল একজন গতিশীল ও সহযোগিতামূলক নাম্বার নাইন দলে আনা এবং হুলিয়ান ছিলেন তেমনই একজন। চুক্তিটি সম্ভব হয়নি, আমরা প্রস্তাব দিয়েছিলাম। ক্লাব বরাবরই বলে এসেছে যে তারা তাকে বিক্রি করবে না এবং আমাদের অন্য সমাধান খুঁজতে হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হুলিয়ান এখন অতীত, আমাদের সামনে তাকাতে হবে, আমরা আমাদের স্কোয়াড নিয়ে খুশি। আশা করি সে ভালো আছে, সে তার ক্লাবকে সাহায্য করছে এবং শেষ পর্যন্ত এটাই সব। অন্য কথায় এমন অনেক চুক্তি ও খেলোয়াড় কেনাবেচা হয় যা শেষ পর্যন্ত হয় না।’

বার্সেলোনা শেষ পর্যন্ত আলভারেজের পরিবর্তে ১০ মিলিয়ন ইউরো দিয়ে গ্যাব্রিয়ল জেসুসকে কিনে নেয়। ট্রান্সফার উইন্ডোর শেষ মুহূর্তে ব্রাজিলিয়ানের সঙ্গে চুক্তি ছিল বেশ চমক জাগানোর মতো। ডেকো বলেছেন, ‘গ্যাব্রিয়েল জেসুস আমাদের পরিকল্পনায় ছিল না। আমরা তার পরিস্থিতি সম্পর্কে জানতাম না কারণ আর্সেনালে তার চুক্তি নবায়ন নিয়ে অনেক কথা হচ্ছিল। যখনই আমরা সিদ্ধান্ত নিলাম হুলিয়ানকে পাওয়া অসম্ভব, আমরা সমাধান খুঁজতে শুরু করলাম এবং গ্যাব্রিয়েল আমাদের জন্য একদম ঠিকঠাক ছিল। তাই পরিকল্পনা পাল্টায়নি। এমন একজন খেলোয়াড়কে চাইছিলাম যে একই ধরনের।’

জেসুস তার নতুন দলের হয়ে খারাপ শুরু করেননি। মাঠে ৪১ মিনিট থেকে দুটি গোল করেছেন।