২৬ সেপ্টেম্বর, ২০২৬
বাংলাদেশে নারী পুলিশ সদস্যদের মধ্যে হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি) টিকা প্রদানের মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে সচেতনতা, গ্রহণযোগ্যতা ও প্রতিবন্ধকতা যাচাইয়ে একটি অগ্রণী প্রকল্পে আইসিডিডিআর,বিকে সহায়তা দিয়েছে কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি।
ব্যাংকের করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর) কর্মসূচির আওতায় নেওয়া এ উদ্যোগের মাধ্যমে টিকাদান ও সচেতনতা বৃদ্ধির মধ্য দিয়ে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধে বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ নারী স্বাস্থ্য সমস্যা মোকাবিলায় সহায়তা করা হবে।
বিদ্যমান এইচপিভি টিকাদান কর্মসূচিগুলো মূলত কিশোর-কিশোরীদের লক্ষ্য করে পরিচালিত হলেও নতুন এ প্রকল্পে সংগঠিত কর্মক্ষেত্রে কর্মরত প্রাপ্তবয়স্ক নারীদের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, কর্মসূচিটি এমন নারীদের কাছে টিকাদান ও স্বাস্থ্যসচেতনতার সুযোগ পৌঁছে দিতে সহায়তা করবে, যারা প্রচলিত কর্মসূচির আওতার বাইরে থেকে যেতে পারেন।
প্রকল্পের আওতায় ঢাকা সশস্ত্র বাহিনী পুলিশ ব্যাটালিয়ন (এএফপিবি) থেকে ১৮ থেকে ৪৫ বছর বয়সী মোট ১৮৮ জন নারী পুলিশ সদস্যকে অন্তর্ভুক্ত করা হবে। এএফপিবির সমন্বয়ে অংশগ্রহণকারী নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন হবে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির আইসিডিডিআর,বির কাছে এ সহায়তা হস্তান্তর করেন।
আইসিডিডিআর,বির সহকারী বিজ্ঞানী ড. রিজওয়ানা খানের নেতৃত্বে প্রকল্পটি সাতটি সুসংগঠিত ধাপে বাস্তবায়িত হবে। শুরুতে থাকবে নৈতিক অনুমোদন ও বেসলাইন জরিপ। এরপর সচেতনতামূলক প্রচারণা, টিকাদান, পর্যবেক্ষণ ও মূল্যায়নের ধাপ সম্পন্ন হবে। সবশেষে প্রকল্পের ফলাফল প্রকাশ করা হবে।
এইচপিভি টিকাদানের পাশাপাশি প্রকল্পটিতে নিরাপদ মাসিক স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার বিষয়েও সচেতনতা বাড়ানো হবে। এর মাধ্যমে নারী পুলিশ সদস্যদের সামগ্রিক স্বাস্থ্য ও জীবনযাত্রার মান উন্নয়নে প্রয়োজনীয় সচেতনতা তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হবে।
আইসিডিডিআর,বিতে আয়োজিত এক চেক হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ও কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির চেয়ারম্যান মো. আলী হোসেন ফকির, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন এবং আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে মো. আলী হোসেন ফকির বলেন, আমাদের নারী পুলিশ সদস্যরা নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করে চলেছেন এবং তাদের স্বাস্থ্য ও সুস্থতাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। আইসিডিডিআর,বির সঙ্গে এই উদ্যোগকে সমর্থন করার মাধ্যমে আমরা তাদের স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এইচপিভি টিকাদানের মাধ্যমে জরায়ুমুখের ক্যান্সার প্রতিরোধ নিশ্চিত করার দিকে এক ধাপ এগিয়ে যাচ্ছি। আমি বিশ্বাস করি, এই প্রকল্পটি কর্মক্ষেত্রভিত্তিক টিকাদানের একটি মডেল তৈরি করবে, যা আরও ব্যাপকভাবে অনুসরণ করা যেতে পারে।
কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন বলেন, এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উদ্যোগটি এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নেতৃত্বের জন্য আমরা আইসিডিডিআর,বির কাছে কৃতজ্ঞ। আমাদের নারী পুলিশ সদস্যদের স্বাস্থ্য সুরক্ষায় তাদের পাশে দাঁড়াতে পেরে আমরা গর্বিত। এটি কেবল শুরু; আগামী বছরগুলোতে আমাদের সমর্থন আরও শক্তিশালী হবে, কারণ আমরা এমন অর্থবহ প্রকল্পে বিনিয়োগ অব্যাহত রাখব, যা দীর্ঘস্থায়ী প্রভাব তৈরি করে।
আইসিডিডিআর,বির নির্বাহী পরিচালক ড. তাহমীদ আহমেদ ব্যাংকের ব্যবস্থাপনাকে তাদের প্রতিশ্রুতির জন্য ধন্যবাদ জানান। দেশের সেবায় নিয়োজিত নারীদের স্বাস্থ্য সুরক্ষায় নেওয়া এ উদ্যোগকে তিনি ‘প্রশংসনীয়’ বলে উল্লেখ করেন।
তিনি বলেন, কর্মক্ষেত্রে টিকাদান কর্মসূচির ওপর তথ্যপ্রমাণ তৈরির মাধ্যমে এই প্রকল্পটি জাতীয় নীতিতে প্রভাব ফেলতে পারে এবং বাংলাদেশজুড়ে আরও অনেক নারীকে সুরক্ষা প্রদানে সহায়তা করতে পারে।