২৭ সেপ্টেম্বর, ২০২৬
‘বিশ্বজুড়ে রবিন ক্যানভাস—বিশ্ব পর্যটন দিবস ২০২৬’ শীর্ষক শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ইউনাইটেড ট্যুরিজম ট্রেড অ্যান্ড সার্ভিসেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ইউএসএসওবি) এই প্রতিযোগিতার আয়োজিন করে।
রাজধানীর বারিধারা কূটনৈতিক অঞ্চলের ডেইজী হোটেল ঢাকায় আয়োজিত এ প্রতিযোগিতায় ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়।
পর্যটন, প্রকৃতি, দর্শনীয় স্থান, সংস্কৃতি ও ঐতিহ্যকে উপজীব্য করে আঁকা বিভিন্ন চিত্রকর্মের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা তুলে ধরে।
প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত ইউ কিয়াও সোয়ে মো। তিনি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় ইউ কিয়াও সোয়ে মো বিজয়ী ও অংশগ্রহণকারীদের অভিনন্দন জানান এবং শিশুদের সৃজনশীলতা বিকাশে ধারাবাহিকভাবে কাজ করার জন্য উৎসাহ দেন।
একইসঙ্গে শিশুদের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য ও পর্যটনের সঙ্গে সম্পৃক্ত করার এ উদ্যোগের প্রশংসা করেন তিনি।
অনুষ্ঠানে ইউএসএসওবি’র সভাপতি এইচ. এম. হাকিম আলী বলেন, শিশুদের পর্যটন ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত করা হলে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহাসিক ঐতিহ্য এবং বৈচিত্র্যময় সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি তাদের গভীর মূল্যবোধ ও আগ্রহ তৈরি হবে।
তিনি বলেন, তরুণ প্রজন্মের মধ্যে সৃজনশীলতা এবং দায়িত্বশীল ও টেকসই পর্যটন সম্পর্কে সচেতনতা গড়ে তোলা গুরুত্বপূর্ণ।
শিল্পের মাধ্যমে শিশুদের পর্যটন, সাংস্কৃতিক ঐতিহ্য এবং বাংলাদেশ ও বিশ্বের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে জানার ও তা অনুধাবনের সুযোগ করে দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য বলে আয়োজকরা জানান।