☰
✕

আজানের ফজিলত

২৭ সেপ্টেম্বর, ২০২৬

আজান চলাকালীন মোয়াজ্জিনের বাক্যগুলোকে পুনরাবৃত্তি করাকে আজানের জবাব দেওয়া বলে। আজান শুরু হলে তা শোনা এবং জবাব দেওয়া মুস্তাহাব। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ‘তোমরা যখন আজান শোনো, তখন মুয়াজ্জিন যা বলে তোমরাও তা বলো।’ (সহিহ মুসলিম)

তবে কিছু অংশে পরিবর্তন রয়েছে। ‘হাইয়া আলাস সালাহ’ এবং ‘হাইয়া আলাল ফালাহ’-এর জবাবে বলতে হবে, ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’।

আজানের এ জবাব দেওয়ার ফলে মুসলমানদের গুনাহ ক্ষমা করার কথাও বলা হয়েছে। হাদিসে বর্ণিত হয়েছে, মুয়াজ্জিনের সঙ্গে সঙ্গে যে ব্যক্তি আজানের শব্দের পুনরাবৃত্তি করে, তার পাপসমূহ ক্ষমা করে দেওয়া হয়। (সাহিহ মুসলিম)

আজানের উৎপত্তি ও ঐতিহাসিক বৃত্তান্ত : মদীনায় হিজরতের পর মুসলমানরা নামাজের জন্য নির্দিষ্ট সময়ে একত্রিত হতেন, কিন্তু তখনো কোনো আহ্বানের পদ্ধতি নির্ধারিত হয়নি। সাহাবায়ে কিরাম আলোচনা করলেন, নামাজের সময় জানানোর জন্য ঘণ্টা বাজানো হবে কি না, শিঙ্গা ফোঁকা হবে কি না, অথবা আগুন জ্বালিয়ে সংকেত দেওয়া হবে কি না।

তখন সাহাবি আবদুল্লাহ ইবনু যায়দ (রাঃ) স্বপ্নে আজানের বাণী শুনলেন। তিনি সকালে এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নের কথা জানালে, রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটি সত্য স্বপ্ন। বিলালকে বলো, যেন সে তোমার শেখানো শব্দগুলো দিয়ে আজান দেয়। (সহীহ আবু দাউদ, হাদীস: ৪৯৮) সেই থেকে আজান ইসলামী সমাজে নামাজের আনুষ্ঠানিক আহ্বান হিসেবে প্রচলিত হয়।

আজানের অর্থ ও গুরুত্ব : ‘আজান’ শব্দটি আরবি আজান থেকে উদ্ভূত, যার অর্থ ‘অবগতি’ বা ‘ঘোষণা’। আজানের প্রতিটি বাক্যে ইসলামি বিশ্বাসের মূল ভিত্তি ফুটে উঠেছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। - (আল্লাহ মহানতম), আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু- (আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই), আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়ারাসূলুহু - (আমি সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মদ (সা.) আল্লাহর রাসুল), হাইয়া আলাস সালাহ - (নামাজের দিকে আসো), হাইয়া আলাল ফালাহ- (সফলতার দিকে আসো)।

এই আহ্বান মানুষকে দুনিয়ার ব্যস্ততা থেকে সরিয়ে আল্লাহর দিকে মনোনিবেশ করতে উদ্বুদ্ধ করে।

আজানের ফজিলত সম্পর্কে বহু সহীহ হাদীস রয়েছে। রাসুল (সা.) বলেছেন, আজানদাতা কিয়ামতের দিন সর্বোচ্চ মর্যাদা পাবে এবং তার কণ্ঠ যেখানে পৌঁছায়, সেখানে যত জিন ও মানুষ আছে, তারা তার পক্ষে সাক্ষ্য দেবে। (সহীহ বুখারী, হাদীস : ৬০৯)

আরেক হাদীসে বলা হয়েছে, আজান শুনে যে ব্যক্তি মুযযিনের কথা পুনরাবৃত্তি করে, তার জন্য জান্নাত ওয়াজিব হয়। (সহীহ মুসলিম, হাদীস : ৩৮৫)

আজান শোনার পর করণীয় : আজান শোনা অবস্থায় কথা না বলা, মনোযোগ সহকারে শোনা। প্রতিটি বাক্যের জবাব দেয়া, যেমন মুযযিন বলেন ‘আল্লাহু আকবার’ উত্তরেও বলা ‘আল্লাহু আকবার’। তবে ‘হাইয়া আলাস সালাহ’ ও ‘হাইয়া আলাল ফালাহ’ শুনলে বলা উচিত- লা হাউলা কুওয়াতা ইল্লা বিল্লাহ (অর্থাৎ, আল্লাহ ছাড়া কোনো শক্তি বা ক্ষমতা নেই)। আজান শেষে দরুদ শরীফ পড়ে এই দোয়া পাঠ করা- (হে আল্লাহ! এই পরিপূর্ণ দাওয়াত (আজান) ও প্রতিষ্ঠিত সালাতের পালনকর্তা, মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-কে দাও উচ্চ মর্যাদা ও বিশেষ অনুগ্রহ)। (সহীহ বুখারী, হাদীস: ৬১৪) এ দোয়া পাঠ করলে রাসুল (সা.)-এর সুপারিশের সৌভাগ্য লাভ হবে।

সমাজে আজানের ভূমিকা : আজান শুধু নামাজের আহ্বান নয়, বরং এটি মুসলিম সমাজের চেতনা ও ঐক্যের প্রতীক। পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রতিদিন ২৪ ঘণ্টায় কোনো না কোনো জায়গায় আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে। এটি ইসলামী ঐক্যের এক জীবন্ত নিদর্শন।

আজানের মাধ্যমে মুসলমানরা প্রতিদিন স্মরণ করে, জীবনের আসল সফলতা হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন।

আজান মুসলিম জীবনের স্পন্দন। এটি মানুষকে জাগিয়ে তোলে, শুদ্ধতার পথে আহ্বান করে এবং সমাজে একত্রিত করে আল্লাহর নামে। আমাদের করণীয় হলো- আজান শুনে দুনিয়ার ব্যস্ততা থামিয়ে নামাজে সাড়া দেয়া, শিশুদের মধ্যে আজানের মাহাত্ম্য শেখানো, প্রতিটি মসজিদে নিয়মিত ও শুদ্ধ উচ্চারণে আজান দেওয়া নিশ্চিত করা। যে সমাজ আজানের প্রতি শ্রদ্ধাশীল, সেই সমাজ আল্লাহর নিকট বরকতপূর্ণ হয়। আল্লাহ ও তাঁর ফেরেশতাগণ আজানদানকারী ব্যক্তির জন্য রহমত প্রার্থনা করেন। (মুস্তাদরাক হাকিম) অর্থ : হে আল্লাহ! এই পরিপূর্ণ আহ্বানের ও স্থায়ী প্রতিষ্ঠিত নামাজের আপনিই প্রভু। হজরত মুহাম্মদ (সা.)-কে ওসিলা ও সুমহান মর্যাদা দান করুন এবং তাকে ওই প্রশংসিত স্থানে অধিষ্ঠিত করুন, যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন। আর কেয়ামতের দিন তার সুপারিশ আমাদের নসিব করুন। নিশ্চয়ই আপনি প্রতিশ্রুতির ব্যতিক্রম করেন না। (সহিহ বুখারি)

হাদিসের অন্যান্য বর্ণনা থেকেও জানা যায়, যে ব্যক্তি মনোযোগ সহকারে আজানের বাক্যগুলোর জবাব দেবে সে জান্নাতে প্রবেশ করবে। আজানের পর দোয়া পড়লে গুনাহ মাফ করা হয়, দোয়া কবুল করা হয়, কেয়ামতের দিন শাফায়াত পাওয়া যায় এবং ইবাদতের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। মহান আল্লাহ আমাদের আজানের জাবাব ও দোয়া পড়ার তওফিক দান করুন।