৩০ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ারবাজারে তালিকাভুক্ত এনআরবি ব্যাংক ৩০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। ব্যাংকের পরিচালনা পর্ষদ এমন সিদ্ধান্ত নিয়েছে। বন্ড ইস্যুর মাধ্যমে ব্যাংকটি টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, প্রস্তাবিত বন্ডটির আকার হবে ৩০০ কোটি টাকা। এটি হবে জামানতবিহীন, রূপান্তরযোগ্য নয় এবং সম্পূর্ণরূপে মেয়াদ শেষে পরিশোধযোগ্য। বন্ডটি কুপনযুক্ত ও ভাসমান সুদহারের হবে। সাত বছর মেয়াদি এই বন্ড প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।
ব্যাংকের টায়ার-২ মূলধন ভিত্তি শক্তিশালী করার উদ্দেশ্যে বন্ডটি ইস্যু করা হচ্ছে। তবে বন্ড ইস্যুর কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন প্রয়োজন হবে।
সোমবার অনুষ্ঠিত ব্যাংকের পরিচালনা পর্ষদের ২২৯তম সভায় ‘এনআরবি ব্যাংক ১ম সাব-অর্ডিনেটেড বন্ড’ ইস্যুর অনুমোদন দেওয়া হয়।
এদিকে চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাসে ব্যাংকের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১৩ পয়সা। আগের বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ১ টাকা ২৪ পয়সা।