৩০ সেপ্টেম্বর, ২০২৬
‘বিগত ফ্যাসিস্ট সরকার অটোপাসের মাধ্যমে শিক্ষার মান নষ্ট করেছে’ বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মঞ্জুর সুমন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় পিরোজপুরের সরকারি কাউখালী কলেজে একাদশ ও দ্বাদশ শ্রেণির ২৪০ শিক্ষার্থীর নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কলেজের অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, ‘ভালো মানুষ হতে হলে প্রত্যেকের মধ্যে দেশপ্রেম থাকতে হবে। শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। অটোপাসের মাধ্যমে শিক্ষার মান নষ্ট করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আজকের নবীন বরণ অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছে, তাদের সবাইকে ভালো মানুষ হতে হবে। দেশকে ভালোবাসতে হবে এবং দেশের প্রতি দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দীন মোহাম্মদ। প্রধান বক্তা ছিলেন পিরোজপুর জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার। বিশেষ বক্তা ছিলেন জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন।
এ ছাড়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।