☰
✕

শুটিংয়ে করতে যেয়ে আহত অমিতাভ বচ্চন

০১ অক্টোবর, ২০২৬

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মনে।‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর সাম্প্রতিক এক পর্বে তাকে দেখা গেছে কিছুটা ভিন্নভাবে। অনুষ্ঠানের শুরুতেই মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে নিজের আইকনিক সংলাপে দর্শকদের মাতিয়ে তোলার বদলে এবার সঞ্চালকের চেয়ারে বসেই পর্বের সূচনা করেন বর্ষীয়ান এই অভিনেতা।

মঞ্চে এসেই দ্রুত নির্ধারিত আসনে বসে পড়েন ৮৩ বছর বয়সী অমিতাভ। তাকে এভাবে বসে থাকতে দেখে উপস্থিত দর্শকদের মধ্যে তৈরি হয় কৌতূহল ও উদ্বেগ।

বিষয়টি স্পষ্ট করতে অমিতাভ নিজের হাঁটুর দিকে ইঙ্গিত করে জানান, আগের দিন শুটিংয়ের সময় হঠাৎ পিছলে পড়ে যান তিনি। এতে বাঁ হাঁটুতে চোট লাগে তার। ফলে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে কিছুটা কষ্ট হচ্ছিল। এ কারণেই বসে থেকেই অনুষ্ঠানের মনোলগ শুরু করতে হয়েছে তাকে।

তবে ভক্তদের দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছেন অমিতাভ। তিনি জানান, চোট নিয়ে উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নেই এবং আঘাত গুরুতর নয়।

প্রতিযোগীদের অভ্যর্থনা জানানোর সময় অবশ্য যথারীতি দাঁড়িয়েই তাদের স্বাগত জানান তিনি। চোটের মধ্যেও তার এমন পেশাদারত্ব দেখে সেটে উপস্থিত সবাই করতালি দিয়ে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেন।