২২ নভেম্বর, ২০২৬
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফতেহীকে ঘিরে শনিবার (২১ নভেম্বর) উৎসবমুখর হয়ে ওঠে কলকাতার দক্ষিণাঞ্চল। শহরের যোধপুর পার্ক এলাকায় একটি বিপণির উদ্বোধনে যোগ দিতে সেখানে যান তিনি। প্রিয় অভিনেত্রীকে একনজর দেখতে ভিড় করেন অসংখ্য অনুরাগী।
নীল জিনস ও কালো পোশাকে অনুষ্ঠানে হাজির হন নোরা। তাঁকে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন উপস্থিত ভক্তরা। অনেকে মুঠোফোনে তাঁর ছবি ও ভিডিও ধারণ করেন। কেউ কেউ নোরার অভিনীত গানের সুরও তোলেন।
অনুরাগীদের উদ্দেশে নোরা বলেন, সবাইকে দেখে তাঁর খুব ভালো লাগছে। কলকাতা তাঁর অন্যতম প্রিয় শহর। এখানকার পরিবেশ ও আবহ অন্য রকম বলেও মন্তব্য করেন তিনি। কলকাতায় আসতে সব সময় ভালো লাগে জানিয়ে উপস্থিত সবাইকে ভালোবাসা জানান অভিনেত্রী। পরে দুই হাত দিয়ে হৃদয়ের প্রতীক দেখিয়ে ভক্তদের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।
সম্প্রতি ‘জেলার ২’ সিনেমার ‘বিন্দাস’ গানে নোরার নাচ প্রশংসিত হয়েছে। ‘দিলবর’ ও ‘সাকি সাকি’র মতো গানের মাধ্যমে দেশ-বিদেশের দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।