☰
✕

জাপানে ৪৯টি প্রদর্শনীতে দর্শক মাতালেন জাদুশিল্পী আলীরাজ

২২ নভেম্বর, ২০২৬

দুই মাসের জাপান সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশের জাদুশিল্পী আলীরাজ। দেশটির বিভিন্ন শহরে জাদু প্রদর্শনীর মাধ্যমে বিদেশি দর্শকদের মুগ্ধ করেছেন তিনি। ওসাকা, কোবে, আওয়াজি, ফুকুচিয়ামা, নাগোয়া, টোকিও ও কিয়োটোসহ জাপানের বিভিন্ন শহরে মোট ৪৯টি প্রদর্শনী করেছেন এই জাদুশিল্পী। প্রতিটি প্রদর্শনীতেই ছিল দর্শকদের উপচে পড়া ভিড়।

জাপানের প্রেক্ষাগৃহ, হোটেল, ক্লাব, শিক্ষাপ্রতিষ্ঠান, নৌবিহার ও সার্কাস দলের আয়োজনে অনুষ্ঠিত এসব প্রদর্শনীতে প্রতিদিন গড়ে দুটি করে শো করেছেন আলীরাজ। তার সঙ্গে ছিলেন একজন জাপানি সহকারী। শতভাগ বিদেশি দর্শকের উপস্থিতিতে প্রতিটি প্রদর্শনী ছিল হাউসফুল। টিকিটের চাহিদা এবং দর্শকদের ব্যাপক উপস্থিতি প্রমাণ করেছে, আধুনিক প্রযুক্তিনির্ভর জীবনযাপনেও জাপানিদের কাছে জাদুশিল্পের জনপ্রিয়তা কতটা।

দেশের পতাকা হাতে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন আলীরাজ। জাদুর নৈপুণ্যে জয় করেছেন হাজারো বিদেশি দর্শকের হৃদয়। এর আগে বিশ্বের বিভিন্ন দেশেও জাদু প্রদর্শন করে প্রশংসা কুড়িয়েছেন তিনি।

এবারের ব্যয়বহুল ও বৃহৎ আয়োজনটি করেছে জাপানের স্বনামধন্য প্রতিষ্ঠান প্যাসোনা কোম্পানি (Pasona Company) এবং আর্ট সার্কাস গ্রুপ (Art Circus Group)। অপেরা, সংগীত, অ্যাক্রোবেটিকস ও ব্যালে নৃত্যের সমন্বয়ে আয়োজনটিকে আরও বর্ণিল করে তোলেন রাশিয়া, ইউক্রেন ও জাপানের শিল্পীরা। এর কোরিওগ্রাফিতে ছিলেন এলিনা, লিয়ানা ও মোরিগুচি।

দীর্ঘদিন ধরেই জাদুশিল্পের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পতাকা তুলে ধরছেন আলীরাজ। এ কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন বিভিন্ন পুরস্কারও। যুক্তরাষ্ট্র থেকে ইউরোপ, এশিয়া থেকে মধ্যপ্রাচ্য-বিশ্বের নানা দেশে টেলিভিশন অনুষ্ঠান ও আন্তর্জাতিক মঞ্চে জাদু প্রদর্শন করেছেন তিনি। ফ্রান্স, স্পেন, গ্রিস, ইতালি, তুরস্ক, রাশিয়া, জাপান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভারত, দুবাই, সিঙ্গাপুর, হংকং, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও চীনসহ বিভিন্ন দেশে তার পরিবেশনা প্রশংসিত হয়েছে।

জাদুশিল্প নিয়ে নিজের ভাবনা ও দেশের এই শিল্পের সম্ভাবনা প্রসঙ্গে আলীরাজ বলেন, জাদু এমন একটি শিল্পমাধ্যম, যা সব বয়সের মানুষকে আকৃষ্ট করে। দেশের প্রচলিত জাদুশিল্প সম্পর্কে মানুষের ধারণা বদলাতে চান তিনি। এ জন্য সবাইকে তার জাদু প্রদর্শনী উপভোগ করার আমন্ত্রণ জানিয়েছেন।

তবে দেশের গণমাধ্যম, টেলিভিশন চ্যানেল ও সাংস্কৃতিক সংগঠনগুলোর মধ্যে জাদুশিল্প নিয়ে আগ্রহের ঘাটতি রয়েছে বলে মনে করেন এই শিল্পী। তার ভাষ্য, বিশ্বের বিভিন্ন দেশে জাদুশিল্পের ব্যাপক চাহিদা থাকলেও বাংলাদেশে এ শিল্প এখনো যথাযথ গুরুত্ব পাচ্ছে না।

বিদেশে কাজের অভিজ্ঞতা তুলে ধরে আলীরাজ বলেন, দেশের অনেক শিল্পী বিদেশে ছোট পরিসরের অনুষ্ঠানে মূলত প্রবাসী বাঙালি দর্শকদের সামনে পরিবেশনা করেন এবং নামমাত্র পারিশ্রমিক পান। অন্যদিকে তিনি জাদুশিল্পের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে বিদেশি দর্শকদের সামনে কাজ করছেন এবং বৈধ উপায়ে উপার্জিত অর্থ দেশে নিয়ে আসছেন। এভাবে জাদুশিল্পের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জনেও নিজের অবস্থান থেকে অবদান রাখছেন বলে মনে করেন তিনি।

আলীরাজের মতে, বাংলাদেশের জাদুশিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করতে এখন প্রয়োজন সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা। সরকারের ইতিবাচক দৃষ্টি এবং প্রয়োজনীয় সহায়তা পেলে নিজের ব্যবস্থাপনা, শিল্পদক্ষতা ও দীর্ঘদিনের আন্তর্জাতিক অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশের এই অবহেলিত শিল্পকে নতুন আঙ্গিকে বিশ্বদরবারে তুলে ধরা সম্ভব।