☰
✕

জেনে নিন কাটা আপেলের স্বাভাবিক রং ধরে রাখার উপায়

০১ অক্টোবর, ২০২৬

আপেল কেটে টিফিনে দেওয়ার পর কিছুক্ষণ যেতেই তার রং বদলে যাচ্ছে? দেখতে আকর্ষণীয় না থাকায় অনেক শিশু আবার কাটা ফল খেতেও চায় না।তবে খুব সহজ একটি পদ্ধতি অনুসরণ করলেই কাটা আপেলের স্বাভাবিক রং অনেকক্ষণ ধরে রাখা সম্ভব।

আপেল কাটার পর কিছু সময়ের মধ্যেই এর ভেতরের অংশ বাতাসের সংস্পর্শে আসে। তখন বাতাসের অক্সিজেনের সঙ্গে আপেলের কিছু উপাদানের রাসায়নিক বিক্রিয়া ঘটে। এর ফলে আপেলের সাদা অংশ ধীরে ধীরে বাদামি, খয়েরি কিংবা লালচে হয়ে যায়। এই প্রক্রিয়াকে এনজাইমের মাধ্যমে বাদামি হয়ে যাওয়া বলা হয়।

আপেল কাটার সময় এর ভেতরে থাকা একটি বিশেষ উৎসেচক সক্রিয় হয়ে ওঠে। বাতাসের অক্সিজেনের সংস্পর্শে এলে সেটি বিভিন্ন রাসায়নিক পরিবর্তন ঘটায়, যার ফলেই আপেলের রং গাঢ় হতে শুরু করে।

তবে এই সমস্যা এড়াতে ঘরেই একটি সহজ কৌশল কাজে লাগানো যায়। অল্প পরিমাণ লবণ পানিতে গুলে তাতে কাটা আপেলের টুকরোগুলো প্রায় ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে। এরপর ঠান্ডা পানিতে আপেলের টুকরোগুলো ভালোভাবে ধুয়ে নিতে হবে।

এভাবে প্রস্তুত করে টিফিনের বাক্সে রাখলে আপেলের রং দ্রুত বদলে যাওয়ার প্রবণতা কমে এবং ফলটি দীর্ঘ সময় সতেজ দেখায়। বিশেষ করে শিশুদের স্কুলের টিফিনে কাটা আপেল দেওয়ার ক্ষেত্রে এই পদ্ধতি কাজে লাগানো যেতে পারে।

তবে আপেল শুধু দেখতে সতেজ থাকলেই হবে না, কাটার পর পরিষ্কার পাত্রে রেখে যথাযথভাবে সংরক্ষণ করাও জরুরি। ফলে টিফিনে দেওয়ার আগে আপেল ভালোভাবে ধুয়ে, পরিষ্কার ছুরি ও পাত্র ব্যবহার করাই নিরাপদ।