☰
✕

সাঁথিয়ায় শিয়ালের হামলায় নারী-শিশুসহ আহত ১১

০১ অক্টোবর, ২০২৬

পাবনার সাঁথিয়ায় এক পাগলা শেয়ালের আকস্মিক হামলায় নারী ও শিশুসহ অন্তত ১১ জন গুরুতর আহত হয়েছেন।ঘটনার পর পুরো এলাকায় তীব্র আতঙ্কের সৃষ্টি হলে ক্ষুব্ধ গ্রামবাসী ঘিরে ধরে শেয়ালটিকে পিটিয়ে হত্যা করে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে সাড়ে ৫টার মধ্যে সাঁথিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শালঘর মহল্লা এবং পার্শ্ববর্তী গৌরীগ্রাম এলাকায় টানা দেড় ঘণ্টাব্যাপী এ তান্ডব চলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শালঘর মহল্লার বাসিন্দা রফিকের বাড়ির পুকুরপাড়ে বাঁধা একটি ছাগলের ওপর আক্রমণের মধ্য দিয়ে ঘটনার সূত্রপাত হয়।

সেখান থেকে শেয়ালটি লোকালয়ে ঢুকে বেপরোয়া হয়ে ওঠে এবং বাড়ির সামনে থাকা মানুষজনের ওপর ঝাঁপিয়ে পড়ে। মুহূর্তের মধ্যে নারী ও শিশুদের ওপর একের পর এক হামলা চালিয়ে কামড়ে ও আঁচড়ে রক্তাক্ত করে শেয়ালটি।

শেয়ালের হামলায় গুরুতর আহত হন শালঘর মহল্লার শিশু সুরাইয়া (৫), আলো খাতুন (৩৫) ও সোনিয়া (১০)। এছাড়া পার্শ্ববর্তী গৌরীগ্রাম ইউনিয়নের সাতবিলা গ্রামের সিনহা (৩), জুবাইধা (৪), লাখি (৩০), মংলা খাতুন (৭০), বায়জিত (৬), হেনা (৪২), শামসুর (২২) ও শাহিদা বেগম (৫০) আহত হন।

শেয়ালের হামলার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় অধিবাসীদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয়। আত্মরক্ষার্থে লাঠিসোঁটা হাতে রাস্তায় নেমে আসেন গ্রামের শত শত মানুষ। একপর্যায়ে বিকেল সাড়ে ৫টার দিকে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে পার্শ্ববর্তী একটি ঝোপঝাড় ঘিরে ফেলে এবং তান্ডব চালানো শেয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।

ঘটনার পরপরই আহতদের দ্রুত উদ্ধার করে সাঁথিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহফুজ জানান, কামড় ও আঁচড়ে আহত ১১ জনকেই প্রাথমিক চিকিৎসা দেওয়ার পাশাপাশি জলাতঙ্ক প্রতিরোধী প্রতিষেধক (ভ্যাকসিন) প্রদান করা হয়েছে।

শেয়ালটিকে মারা সম্ভব হলেও আকস্মিক এই হামলায় পুরো এলাকা জুড়ে এখনও থমথমে পরিস্থিতি ও জলাতঙ্কের আতঙ্ক বিরাজ করছে।