০১ অক্টোবর, ২০২৬
গাইবান্ধার সাদুল্লাপুরে কার্যক্রম নিষিদ্ধ জেলা আওয়ামী লীগের নেতা মতিয়ার রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাসানুল কবির।
এর আগে বুধবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের মহিষবন্দী দক্ষিণপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মতিয়ার রহমান ওই গ্রামের মৃত আসমত সরকারের ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ও ছাত্রলীগের জেলা শাখার সাবেক সভাপতি।
পুলিশ জানায়, মতিয়ার রহমান একটি সিআর (নালিশি) মামলায় পরোয়ানাভুক্ত আসামি। এছাড়া তার বিরুদ্ধে আরও একটি পারিবারিক মামলা রয়েছে।
সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) হাসানুল কবির বলেন, মামলার পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।