০১ অক্টোবর, ২০২৬
কিলিয়ান এমবাপেকে নিয়ে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফ্রান্সের হয়ে খেলার সময় বাঁ হাঁটুতে চোট পাওয়ার পর রিয়াল মাদ্রিদে ফিরেছেন এই ফরোয়ার্ড। কিন্তু মাদ্রিদে ফেরার পর টানা দুই দিন দলের সঙ্গে অনুশীলন করেননি তিনি।
তুরস্কের বিপক্ষে ফ্রান্সের ১–০ গোলের জয়ের ম্যাচে দলের একমাত্র গোলটি করেন এমবাপে। গোলের পরই হাঁটুতে চোট পান তিনি। কিছুক্ষণ মাঠে থাকার চেষ্টা করলেও শেষ পর্যন্ত ৫৮তম মিনিটে তাকে তুলে নেন কোচ জিনেদিন জিদান।
প্রাথমিকভাবে ফ্রান্স ফুটবল ফেডারেশন জানিয়েছিল, এমবাপের হাঁটুতে টেনডনের চোট রয়েছে। পরে রিয়াল মাদ্রিদ জানায়, তার বাঁ হাঁটুর পেছনের ক্যাপসুলে অতিরিক্ত প্রসারণজনিত চোট ধরা পড়েছে। চোটের কারণে অস্ত্রোপচারের প্রয়োজন হবে কি না, তা নিয়েও শুরুতে উদ্বেগ ছিল। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, অস্ত্রোপচার লাগবে না এবং ১০ থেকে ১২ দিনের মধ্যেই পুরো ফিট হয়ে উঠবেন।
এর মধ্যেই মাদ্রিদের অনুশীলনে টানা দুই দিন অনুপস্থিত থাকায় নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্প্যানিশ সংবাদমাধ্যম ‘এল চিরিংগিতো’র বরাত দিয়ে ওয়ানফুটবল জানিয়েছে, এমবাপের চোট নিয়ে ক্লাবের ভেতরেও পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
চোটের কারণে এমবাপে ফ্রান্সের জাতীয় দলের ক্যাম্প ছেড়ে মাদ্রিদে ফিরে আসেন। রিয়াল মাদ্রিদের পরবর্তী ম্যাচ ভিয়ারিয়ালের বিপক্ষে ১০ অক্টোবর। তাত্ত্বিকভাবে ওই ম্যাচে ফেরার সুযোগ থাকলেও এমবাপেকে নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না ক্লাব।