০২ অক্টোবর, ২০২৬
এবার ছয় বিমা কোম্পানির ৭ হাজার ৬৪১ জন গ্রাহক কে ‘বীমা দাবি’ দেওয়া হবে। বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) উদ্যোগে এ সব পলিসিহোল্ডারদের দাবি পরিশোধ করা হবে। আগামী ৪ অক্টোবর এ সব গ্রাহকদের দাবি পরিশোধ করা হবে বলে জানিয়েছেন আইডিআরএ।
এবার যে ছয় বিমা কোম্পানির পলিসিহোল্ডারদের দাবি পরিশোধ করা হবে সেগুলোর মধ্যে বায়রা লাইফ ইন্স্যুরেন্সের ৩৪ জন গ্রাহককে দেওয়া হবে ৫ লাখ ৮১ হাজার ৮৯২ টাকার বিমা দাবি। এছাড়া হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৩৮১ জন গ্রাহককে ৪ কোটি ৮৭ লাখ ৯৭ হাজার ৬৩৮ টাকা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২ হাজার ৩৪৮ জন গ্রাহককে ৯ কোটি টাকা, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্সের ২ হাজার ১৪০ জন গ্রাহককে ৬ কোটি ৭৮ লাখ টাকা, সানফ্লাওয়ার লাইফ ইন্স্যুরেন্সের ১৬৫ জন গ্রাহককে ৩০ লাখ টাকা এবং সানলাইফ ইন্স্যুরেন্সের ১ হাজার ৫৭৩ জন গ্রাহককে ৫ কোটি ৩৫ লাখ টাকার দাবি পরিশোধ করা হবে।
বীমা খাতে গ্রাহকের আস্থা পুনর্গঠন, পলিসিধারীদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি নিষ্পত্তির লক্ষ্যে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)-এর উদ্যোগ নিয়েছে।
এর আগে ২ দফায় মোট ৮ হাজার ৪১৭ জন পলিসিহোল্ডাদের ৩৭ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকা বিমা দাবি পরিশোধ করা হয়েছে। এর মধ্যে প্রথম দফায় গত ৩ সেপ্টেম্বর ২ হাজার ৫৪৯ জন পলিসিহোল্ডারকে ১৪ কোটি ৫১ লাখ ৩ হাজার ১৪৬ টাকা এবং দ্বিতীয় দফায় গত ১৪ সেপ্টেম্বর ৫ হাজার ৮৬৮ জন পলিসিধারীকে ২৩ কোটি ৩ লাখ ৫৬ হাজার ৯৭১ টাকা বিমা দাবি পরিশোধ করা হয়েছে।
এবারের বিমা দাবিসহ মোট তিন দফায় ১৬ হাজার ৫৮ জন গ্রাহককে ৬৩ কোটি ৯১ লাখ ৩৯ হাজার ৬৪৭ টাকা পরিশোধ করা হবে।
আইডিআরএ জানায়, দীর্ঘদিনের অপরিশোধিত বৈধ বীমা দাবি পরিশোধের এই ধারাবাহিক উদ্যোগ দেশের বীমা খাতে সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠার পাশাপাশি গ্রাহকের আস্থা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে পলিসিধারীদের স্বার্থ সুরক্ষা এবং বীমা খাতের সংস্কার কার্যক্রম অব্যাহত থাকবে।