০২ অক্টোবর, ২০২৬
এশিয়ান গেমসে নারীদের নবম স্থান নির্ধারণী ম্যাচটি বেশ প্রতিদ্বন্দ্বিতাপুর্ণ হয়েছে। জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে শুক্রবার সকালে অনুষ্ঠিত হওয়া ম্যাচটি নির্ধারিত সময় ১-১ গোলে সমতা ছিল। পেনাল্টি শুট আউটে সিঙ্গাপুরকে ২-১ ব্যবধানে পরাজিত করে নবম হয়ে নিজেদের প্রথম এশিয়ান গেমস শেষ করে বাংলাদেশের মেয়েরা।
ম্যাচের শুরু থেকেই দুই দল বেশ আক্রমণাত্মক হকি খেলে। ম্যাচের ১০ মিনিটে দুর্দান্ত এক ফিল্ড গোল করে বাংলাদেশকে লিড এনে দেন আইরিন আক্তার রিয়া। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
ম্যাচের দ্বিতীয়ার্ধে খেলা আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়। ৪২ মিনিটে হলুদ কার্ড দেখে সাময়িক বহিষ্কার হন বাংলাদেশের লিমা আক্তার। বাংলাদেশ ১০ জনের দলে পরিণত হওয়ার সুযোগ নেয় সিঙ্গাপুর। ৪৪ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ১-১ ব্যবধানে দলকে সমতায় ফেরান তৌ লি মিন।
নির্ধারিত সময়ের খেলা ড্র হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে চরম স্নায়ুচাপ ধরে রেখে বাংলাদেশ জয় নিশ্চিত করে।