০২ অক্টোবর, ২০২৬
নখের রং পোশাকের সঙ্গে মিলছে না? এবার নেইলপলিশ তুলে আবার নতুন করে লাগানোরও প্রয়োজন নাও হতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তর সমন্বয়ে তৈরি নতুন এক ধরনের স্মার্ট প্রেস-অন নখে মুহূর্তেই বদলে ফেলা যাবে নখের রং।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাভিত্তিক বিউটি-টেক প্রতিষ্ঠান আইপলিশ (iPolish) এই প্রযুক্তি তৈরি করেছে। প্রতিষ্ঠানটির দাবি, এটি বিশ্বের প্রথম ডিজিটাল রং পরিবর্তনকারী নখ। ২০২৬ সালের কনজিউমার ইলেকট্রনিক্স শো (সিইএস)-তে প্রযুক্তিটির প্রদর্শন করা হয়।
অ্যাক্রিলিক প্রেস-অন নখগুলো একটি অ্যাপের সঙ্গে যুক্ত থাকে। সেখানে ৪০০টির বেশি রঙের মধ্য থেকে পছন্দের রং বেছে নেওয়া যায়।
এরপর নখের ডগা ছোট একটি ‘ম্যাজিক ওয়ান্ড’-এর কাছে ধরলেই কয়েক সেকেন্ডের মধ্যে রং পরিবর্তন হয়ে যায়। একইভাবে চাইলে আবার অন্য রংও বেছে নেওয়া সম্ভব।
অর্থাৎ সকালে অফিসে যাওয়ার সময় হালকা রং, আর রাতে কোনো অনুষ্ঠানে যাওয়ার আগে গাঢ় রং—পোশাকের সঙ্গে মিলিয়ে একই নখের রং পরিবর্তন করা যাবে।
প্রতিষ্ঠানটির দাবি, ব্যবহারকারী চাইলে রং কয়েক মিনিট, কয়েক ঘণ্টা কিংবা কয়েক দিন ধরে রাখতে পারবেন। প্রেস-অন নখগুলো সাধারণ প্রেস-অন নখের মতোই নখ বড় হয়ে আসা পর্যন্ত ব্যবহার করা যায় বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আইপলিশের কিটে থাকছে বিভিন্ন মাপের প্রেস-অন অ্যাক্রিলিক নখ, ইউএসবি-সি কেবলসহ ম্যাজিক ওয়ান্ড, বন্ডিং গ্লু এবং দ্রুত শুকিয়ে যায় এমন ক্লিয়ার টপকোট। নখ প্রস্তুত করার জন্য কিউটিকল পুশার, বাফার ও ওয়াইপও রয়েছে।
অ্যাপটি ব্যবহারের জন্য কিউআর কোডও দেওয়া হচ্ছে।
বর্তমানে দুটি আকৃতিতে কিটটির প্রি-অর্ডার নেওয়া হচ্ছে। দাম ৯৫ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ হাজার ৭০০ টাকা। তবে বাংলাদেশে এটি পাওয়া যাচ্ছে কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
পরবর্তী সময়ে অতিরিক্ত নখের সেটও কেনা যাবে। কম্পানির দাবি, এগুলো বিষমুক্ত এবং নিয়মিত ব্যবহারের জন্য তৈরি।
তবে যাদের শরীরে পেসমেকার রয়েছে, অন্য কোনো ওয়্যারলেস ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করেন বা এ ধরনের প্রযুক্তিতে সংবেদনশীলতা রয়েছে, তাদের ব্যবহারের আগে চিকিৎসকের পরামর্শ নেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি।
সাধারণ নেলপলিশের মতোই নখের রং বদলানোর এই প্রযুক্তি এখনো নতুন। ফলে দীর্ঘমেয়াদি ব্যবহার, স্থায়িত্ব ও বাস্তব অভিজ্ঞতা নিয়ে আরও তথ্য সামনে এলে এর কার্যকারিতা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যাবে।