☰
✕

ফ্রান্স ও ইতালির মধ্যকার লড়াইয়ে জিতল না কেউই

০৩ অক্টোবর, ২০২৬

উয়েফা নেশন্স লিগের হাইভোল্টেজ ম্যাচে ফ্রান্স ও ইতালির মধ্যকার ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। ম্যাচে ফ্রান্সের হয়ে মাইকেল ওলিসে ও ইতালির হয়ে গোল পেয়েছেন আলেস্সান্দ্রো বাস্তোনি। 

ম্যাচের নবম মিনিটে সুবর্ণ এক সুযোগ পায় ইতালি। কিন্তু বাঁ দিক থেকে সতীর্থের পাস দূরের পোস্টে ফাঁকায় পেয়েও গোল করতে পারেননি মোইজে কিন। তার প্রচেষ্টা রুখে দেন গোলরক্ষক মাইক মিয়াঁ।

আক্রমণ পাল্টা-আক্রমণ চললেও, পরিষ্কার সুযোগ খুব একটা তৈরি করতে পারছিল না কেউ। ৩৭তম মিনিটে প্রথম কোনো শট লক্ষ্যে রাখতে পারে ফ্রান্স। তবে উসমান দেম্বেলের শটটি ঠেকাতে খুব একটা বেগ পেতে হয়নি দোন্নারুম্মাকে।

প্রথমার্ধে দুই দলই গোলের জন্য সমান আটটি করে শট নিয়ে কেবল একটি করে লক্ষ্যে রাখতে পারে।

দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে দুর্দান্ত ডাবল সেভে ইতালিকে বাঁচান দোন্নারুম্মা। দেজিরে দুয়ের শট ঠেকানোর পর, কাছ থেকে দেম্বেলের প্রচেষ্টা আটকে দেন তিনি। দুই মিনিট পর ওলিসের শটও ব্যর্থ করে দেন ম্যানচেস্টার সিটি গোলরক্ষক।

৫৫তম মিনিটে আর জাল অক্ষত রাখতে পারেননি দোন্নারুম্মা। ডি-বক্সের বাইরে ফ্রি-কিকে পায়ের টোকায় বল একটু সামনে বাড়িয়ে দেন রায়ান শের্কি, আর বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন ওলিসে। নড়ার সুযোগ পাননি গোলরক্ষক।

স্বাগতিকদের সেই স্বস্তি বেশিক্ষণ টেকেনি। ৬৮তম মিনিটে নিজেদের ভুলেই গোল হজম করে তারা। বক্সের বাইরে বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন লুকা দা কুইয়া, আলগা বল পেয়ে বক্সে ঢুকে আগুয়ান গোলরক্ষককে পরাস্ত করেন বাস্তোনি।

বাকি সময়ে ব্যবধান গড়ে দেওয়ার একাধিক সুযোগ পায় ফ্রান্স। কিন্তু আরও দুটি দারুণ সেভ করেন দোন্নারুম্মা, আদ্রিয়াঁ হাবিও ও এদুয়ার্দো কামাভিঙ্গার শট রুখে দেন তিনি। নির্ধারিত সময়ের পাঁচ মিনিট বাকি থাকতে কিনকে টেনে ধরে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন দাইয়ু উপামেকানো।

অন্যদিকে, ইতালির এক পয়েন্ট পাওয়ায় বড় অবদান আছে জানলুইজি দোন্নারুম্মার। মোট সাতটি সেভ করেন এই তারকা গোলরক্ষক।

তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ’ লিগের এক নম্বর গ্রুপের শীর্ষেই আছে ফ্রান্স।

একই সময়ে শুরু গ্রুপের আরেক ম্যাচে তুরস্ককে ৩-০ গোলে হারানো বেলজিয়াম ৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে। ৪ পয়েন্ট নিয়ে তিনে ইতালি, আর তুরস্ক এখনও পয়েন্ট পায়নি।