☰
✕

তারকা ক্রিকেটার ছাড়াই শুরু হলো এনসিএল

০৩ অক্টোবর, ২০২৬

দেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) ২৮তম আসর আজ (শনিবার) থেকে শুরু হয়েছে। যদিও এই সময়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা আন্তর্জাতিক সূচিতে ব্যস্ত থাকবেন। বলে তারকা ক্রিকেটারদের দেখা যাবে না এনসিএলের শুরুতে।

এবারের ২৮তম এনসিএলে অংশ নিচ্ছে দেশের আটটি বিভাগীয় দল, ম্যাচ হবে ২৮টি। প্রতিটি দল সাতটি করে ম্যাচ খেলবে। উদ্বোধনী রাউন্ডে মাঠে নেমেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর। মিরপুরে তাদের প্রতিপক্ষ ঢাকা বিভাগ। এ ছাড়া খুলনা বিভাগীয় স্টেডিয়ামে খুলনার বিপক্ষে খেলছে বরিশাল।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে চট্টগ্রাম ও রাজশাহী। দিনের আরেক ম্যাচে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ময়মনসিংহের বিপক্ষে খেলছে স্বাগতিক সিলেট।

মিরপুর, চট্টগ্রাম, সিলেট ও খুলনার পাশাপাশি রাজশাহী বিভাগীয় স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের একাডেমি মাঠ, বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম এবং কক্সবাজার একাডেমি মাঠেও এনসিএলের ম্যাচ অনুষ্ঠিত হবে।

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতি ও ম্যাচ নিয়ে ব্যস্ত থাকবেন নাজমুল হোসেন শান্ত, লিটন দাসসহ জাতীয় দলের ক্রিকেটাররা। অল্প সময়ের ব্যবধানে বাংলাদেশের একটি ত্রিদেশীয় সিরিজও রয়েছে। ফলে জাতীয় দলের তারকা ক্রিকেটারদের ছাড়াই খেলতে হবে বিভাগগুলোকে।