০৩ অক্টোবর, ২০২৬
রাজধানীর সবুজবাগে অবৈধ চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে পরিচালিত অভিযানে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে ছয় মাস করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
শনিবার (০৩ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. ইয়াছিন (২৮), মো. সেন্টু (৩২), মো. আকবর হোসেন (৭০) ও মো. আব্দুর রহিম (৫৫)।
ট্রাফিক সবুজবাগ জোন সূত্রে জানা গেছে, শুক্রবার (০২ অক্টোবর) অবৈধ চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা করে ট্রাফিক পুলিশের সবুজবাগ জোন। এ সময় অভিযানে বাধা দেওয়ার অভিযোগে চারজনকে আটক করা হয়।
পরে তাদের মতিঝিল বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেন।
ডিএমপি জানিয়েছে, জনস্বার্থ ও নগরীর শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।