☰
✕

দীর্ঘ ৯ মাস পরে শুটিংয়ে ফিরছেন তানিয়া বৃষ্টি

০৪ অক্টোবর, ২০২৬

দীর্ঘ প্রায় নয় মাস অভিনয় থেকে দূরে আছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি।অসুস্থতার কারণে এই বিরতি তার। এখন শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

 শনিবার (৩ অক্টোবর) ফেসবুক লাইভে নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেন বৃষ্টি। জানালেন, আগের চেয়ে এখন অনেকটা ভালো আছেন তিনি।

লাইভে এক প্রশ্নের জবাবে তানিয়া বৃষ্টি বলেন, ‘এখন আমার কেমো থেরাপি চলছে। ছয় মাসের মধ্যে তিন মাস শেষ হলো, চতুর্থ মাসের কেমো চলছে। আরও দুই মাস এটা চলার পর কিছু টেস্ট করা হবে। সেটার পর ডাক্তার জানাবে, পরবর্তী চিকিৎসা কী হবে।’

অভিনয়ে ফেরা প্রসঙ্গে তানিয়া বৃষ্টি বলেন, ‘এই মাস থেকেই শুটিং শুরু করতে চাই। কথাবার্তা চলছে। তবে কবে থেকে কাজ শুরু করতে পারবো, সেটি এখনো চূড়ান্ত হয়নি।’

তিনি আরও বলেন, ‘অসুস্থতার কারণে আমি নয় মাসের মতো শুটিং করিনি। এখনো অসুস্থ আছি, তবে তখন একটু বেশি খারাপ ছিলাম। এখন অনেকটা ভালো আছি।’

তানিয়া বলেন, ‘যারা আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট দেন, আমার জন্য অপেক্ষা করেন, তাদের যেটা চাওয়া আমি সেটা করতে চাই। যদি এত মানুষ চান আমি কাজ করি, তাহলে আমি অবশ্যই করবো।”

টিভি নাটকের বাইরে তানিয়ার হাতে রয়েছে ‘ট্রাইব্যুনাল’ নামের একটি সিনেমার কাজ। রায়হান খান নির্মিতব্য এ ছবিতে আরও আছেন তারিক আনাম খান, সাবেরী আলম, মৌসুমী হামিদ, সায়রা আক্তার জাহান, আদর আজাদ, শাহেদ আলী, মিলন ভট্টাচার্য, অশোক ব্যাপারী, রাকিব হোসেন ইভন এবং উপমা।