☰
✕

যশোরের চৌগাছায় পিকআপের ধাক্কায় স্কুলছাত্র নিহত

০৪ অক্টোবর, ২০২৬

যশোরের চৌগাছায় পিকআপভ্যানের ধাক্কায় জুবায়ের হোসেন (১৫) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় তার দুই সহপাঠী আহত হয়েছে।

রবিবার সকাল সাড়ে ৭টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের ফাঁসতলা এলাকায় দুর্ঘটনাটি ঘটে।নিহত জুবায়ের নারায়ণপুর ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের আব্দুল আলিম দফাদারের ছেলে।

আহত লিখন (১৫) ও ফাহিম (১৫) একই গ্রামের বাসিন্দা। তারা চাঁদপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, জুবায়ের, লিখন ও ফাহিম তিনজন একই মোটরসাইকেলে প্রাইভেট পড়তে রওনা হয়। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে তারা তিনজন আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে সকাল ৮টার দিকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জুবায়েরকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ স্কুলছাত্র জুবায়েরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহত লিখন ও ফাহিমকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।