০৫ অক্টোবর, ২০২৬
চাঁদপুরের ফরিদগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হয়ে সাইবার হামলা এবং সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট হ্যাক করে অশ্লীল ও কুরুচিপূর্ণ তথ্য প্রচারের অভিযোগে মো. রাকিবুল হাসান (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার তাকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
রাকিবুল হাসান ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের খাড়খাদিয়া তপাদার বাড়ির শিপন তপাদারের ছেলে।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর রাকিবুল কাতারে অবস্থান করে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের পক্ষে বিভিন্ন ব্যক্তির সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে সাইবার হামলা চালাতেন বলে অভিযোগ রয়েছে। রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং গণমাধ্যমকর্মীদের ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে নিয়ন্ত্রণে নেওয়ার পর সেসব অ্যাকাউন্ট থেকে অশ্লীল বক্তব্য ও কুরুচিপূর্ণ ছবি প্রকাশের মাধ্যমে তাদের সম্মানহানির চেষ্টা করা হতো বলে অভিযোগ।
এ ঘটনায় কয়েকজন ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পুলিশ জানায়, দীর্ঘদিন বিদেশে থাকার পর সম্প্রতি গোপনে দেশে ফেরেন রাকিবুল। স্থানীয়দের কাছ থেকে তার অবস্থান সম্পর্কে তথ্য পেয়ে শনিবার (৩ অক্টোবর) ফরিদগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে।
পরে ফরিদগঞ্জ থানার মামলা নম্বর-৫৯, তারিখ ২৮ সেপ্টেম্বর ২০২৬ এবং জিআর নম্বর-৪৫৪-এর তদন্তে পাওয়া সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেপ্তার দেখানো হয়। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০ ও ১২ ধারায় করা হয়েছে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্ল্যাহ বিষয়টি নিশ্চিত করে বলেন, কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য রাকিবুল হাসানকে পুলিশ আটক করেছে। পরে তাকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার চাঁদপুর আদালতে পাঠানো হয়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।