০৫ অক্টোবর, ২০২৬
শ্রেণিকক্ষের পরিবেশ নিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়া বিক্ষোভের জেরে দাঙ্গাবিরোধী পুলিশের সাথে শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনার পর ফ্রান্সের ৪০০ থেকে ৫০০টি উচ্চ বিদ্যালয় আংশিক বা পুরোপুরি বন্ধ থাকবে। রবিবার দেশটির শিক্ষামন্ত্রী এ তথ্য জানিয়েছেন।
শিক্ষামন্ত্রী এদুয়ার্দ জেফ্রে জানিয়েছেন, চলমান অস্থিরতার কারণে পাঠদান কার্যক্রম ‘সম্পূর্ণ বা আংশিকভাবে স্থগিত’ রাখা হবে।
তিনি জানান, এই আন্দোলন শুরুর পর থেকে ২৪টি স্কুল ‘পুড়িয়ে দেওয়া হয়েছে বা ভাঙচুর করা হয়েছে।’
এ ঘটনায় অন্তত পাঁচ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। এদের অধিকাংশই শিক্ষার্থী। সংঘর্ষে শিক্ষার্থী ও শিক্ষকসহ বহু মানুষ আহত হয়েছেন। বিভিন্ন শিক্ষক সংগঠন ধর্মঘটের ডাক দিয়েছে।
গত সপ্তাহে প্যারিস অঞ্চলে বিক্ষোভ শুরু হয়েছিল। শিক্ষার্থীরা ক্লাসরুমে ভিড়, শিক্ষকের অভাব এবং জরাজীর্ণ ভবনের মতো পরিস্থিতি নিয়ে তারা অবস্থান কর্মসূচি পালন করছিল। পরবর্তীতে কিছু স্থানে সমাবেশগুলো আরো সহিংস হয়ে উঠতে শুরু করে। প্রতিবাদকারীরা মুখোশ পরা এবং রাস্তায় আগুন লাগিয়েছে। চলতি সপ্তাহে মঙ্গলবার আরো বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল।
ফরাসি শিক্ষামন্ত্রী জানিয়েছেন, গত সপ্তাহের শেষের দিকে সংঘটিত বিক্ষোভে ৭৮ জন শিক্ষক ও শিক্ষা-কর্মী আহত হয়েছেন।
প্যারিসের পুলিশ প্রধান প্যাট্রিস ফাউরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ প্রতিবাদে ফিরে যাওয়ার জন্য তাদের স্কুল অবরোধ ত্যাগ করতে বলেছেন।