০৫ অক্টোবর, ২০২৬
রাসুল (সা.) প্রাত্যহিক জীবনের বিভিন্ন শিষ্টাচার শিখিয়েছেন। হাঁচির সময় পঠিত দোয়া ও এর উত্তরে কী পড়া হবে তা-ও হাদিসে এসেছে। হাঁচি দেওয়ার পর আল্লাহর প্রশংসা করা সুন্নত। তা শুনলে হাঁচিদাতার জন্য আল্লাহর অনুগ্রহের দোয়া পড়াও সুন্নত। প্রত্যুত্তরে হাঁচিদাতা অন্যদের জন্য কল্যাণের দোয়া করবে। আবদুল্লাহ বিন মাসউদ (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘যখন তোমাদের কেউ হাঁচি দেবে সে যেন বলে,
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ
উচ্চারণ : ‘আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন’।
অর্থ : ‘সব প্রশংসা মহান আল্লাহর জন্য যিনি উভয় জগতের প্রতিপালক’।
এরপর তার জন্য যেন অন্যরা এই দোয়া পড়ে-
يَرْحَمُكَ اللَّهُ
উচ্চারণ : ‘ইয়ারহামকাল্লাহ’। অর্থ : ‘মহান আল্লাহ আপনার ওপর অনুগ্রহ করুন’।
এমন দোয়া শুনলে সে যেন পড়ে-
يَهْدِيكُمُ اللَّهُ ويُصْلِحُ بالَكُمْ
উচ্চারণ : ইয়াহদিকুমুল্লাহ ওয়া ইউসলিহু বালাকুম’।
অর্থ : ‘মহান আল্লাহ তোমাদের সুপথ প্রদর্শন করুন এবং তোমাদের অবস্থা শুদ্ধ করুন’।
অন্য বর্ণনায় এসেছে, সে বলবে-
يَغْفِرُ اللَّهُ لَنَا وَلَكُمْ
উচ্চারণ : ‘ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ’
অর্থ : ‘মহান আল্লাহ আপনাদের ও আমাদের ক্ষমা করুন’। (সহিহ বুখারি, হাদিস নম্বর : ৬২২৪, আবু দাউদ, হাদিস নম্বর : ৫০৩১)