০৬ অক্টোবর, ২০২৬
আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুটি নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি ও উদ্ধার অভিযান শুরু হয়েছে। খবর আল জাজিরার
সোমবার (৫ সেপ্টেম্বর) কর্মকর্তারা জানান, রোববার সন্ধ্যায় দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইকুয়েটর প্রদেশের এনগোম্বে-লুকোলেলা এলাকার কাছে কঙ্গো নদীতে নৌকা দুটির সংঘর্ষ হয়।
ইকুয়েটর প্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিসপিন এমপুতু রাষ্ট্রীয় সংবাদ সংস্থা অ্যাজেন্স কঙ্গোলেজ প্রেসকে জানান, ‘দিও সে কাশে’ নামের একটি ধাতব নৌকা রাজধানী কিনশাসা থেকে আসছিল। অন্যদিকে ‘এইচবি সুপার ভিক্টোয়ার’ নামের কাঠের নৌকাটি আসছিল বুসিঙ্গা থেকে। নদীতে চলার সময় নৌকা দুটির সংঘর্ষ হয়।
তিনি বলেন, ‘নৌকায় থাকা প্রায় সব যাত্রী পানির নিচে আটকা পড়েন। নৌকাটিও ডুবে যায়।’ দুর্ঘটনায় ডুবে মারা যাওয়া ৩০ জনকে এরইমধ্যে দাফন করা হয়েছে বলে জানান তিনি।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে এমপুতু বলেন, রাতের বেলায় নৌযান চলাচলের সময় দেশটিতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।
ঘটনার প্রত্যক্ষদর্শী এক নিরাপত্তাকর্মী বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, কিনশাসা থেকে আসা নৌকাটি অতিরিক্ত পণ্য বোঝাই ছিল।
ডিআর কঙ্গোতে নৌদুর্ঘটনা নতুন নয়। দেশটিতে রাতের বেলায় নৌযান চলাচল এবং অতিরিক্ত যাত্রী বহনকে প্রায়ই এসব দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে দেখা হয়। প্রত্যন্ত অঞ্চলে নৌযানের নিরাপত্তাব্যবস্থার দুর্বলতা ও অবকাঠামোর ঘাটতিও দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। সাম্প্রতিক বছরগুলোতে এসব নৌদুর্ঘটনায় শত শত মানুষ প্রাণ হারিয়েছেন।
এর আগে জুলাইয়ে দেশটির কাসাই প্রদেশে সরকারি পরীক্ষা শেষে শিক্ষার্থীদের নিয়ে ফেরার পথে একটি কাঠের নৌকা ডুবে যায়। এতে অন্তত ২০ জনের মৃত্যু হয়।