০৬ অক্টোবর, ২০২৬
লিওনেল মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার প্রায় শেষ। বাংলাদেশের সময় আগামীকাল ভোরে বেনিনের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এই ম্যাচ দিয়ে মেসি রাজসিকভাবে বিদায় জানাবেন তার বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারকে।
তবে এই ম্যাচটা আরও বিশেষভাবে রাঙানোর হাতছানি আছে তার সামনে। এই ম্যাচেই ইতিহাসের আরেকটি পাতায় নিজের নাম লেখানোর সুযোগ থাকছে তার।
ফ্রি কিকের বিশ্বরেকর্ডটা ভেঙে দেওয়ার খুব কাছে আছেন মেসি। সরাসরি ফ্রি-কিক থেকে মেসির গোল এখন ৭৬টি। সর্বকালের তালিকায় তার সামনে আছেন ব্রাজিলের সাবেক তারকা মার্সেলিনিও কারিওকা, যার নামের পাশে আছে ৭৮টি ফ্রি-কিক গোল। ফলে আর মাত্র দুই গোল করলে মেসি ছুঁয়ে ফেলবেন সেই রেকর্ড। আর তিনটি করলে এককভাবে উঠে যাবেন শীর্ষে।
রেকর্ডের কাছাকাছি মেসি পৌঁছেছেন দারুণ এক ফ্রি-কিক-রানের মধ্য দিয়ে। গত ২৯ আগস্ট মন্ট্রিয়লের বিপক্ষে এক ম্যাচেই দুটি সরাসরি ফ্রি-কিক থেকে গোল করেছিলেন তিনি। এরপর সান দিয়েগোর বিপক্ষে ২০ সেপ্টেম্বর করেন আরও একটি। সবশেষ ২৭ সেপ্টেম্বর কলম্বাস ক্রুর বিপক্ষে প্রায় অসম্ভব কোণ থেকে বাঁ পায়ের দুর্দান্ত ফ্রি-কিকে অবিশ্বাস্য এক গোল করে নিজের সংখ্যা নিয়ে যান ৭৬-এ।
ফলে বেনিনের বিপক্ষে মেসির সামনে সমীকরণটা বেশ পরিষ্কার—একটি ফ্রি-কিক গোল করলে ব্যবধান কমবে একটিতে, দুটি করলে স্পর্শ করবেন মার্সেলিনহোকে, আর তিনটি করলে নতুন রেকর্ড গড়বেন।
তবে এখানে একটা ‘ফ্যাক্ট’ আছে। মেসি তার ক্যারিয়ারে এক ম্যাচে একাধিক ফ্রি কিক গোলের কীর্তি গড়েছেন মোটে ৪ বার। বার্সেলোনার হয়ে ৩ বার আর সবশেষ ইন্টার মিয়ামির হয়ে করেছেন ১ বার। তবে আর্জেন্টিনার হয়ে এই কীর্তি কখনোই গড়তে পারেননি তিনি। এই অধরা কীর্তিটি বেনিনের বিপক্ষে গড়ে ফেলতে পারলেই এই রেকর্ড ছুঁয়ে ফেলতে পারবেন মেসি।
তবে মেসির জন্য রাতটির মূল উপজীব্য অবশ্য ব্যক্তিগত রেকর্ডের লড়াই নয়। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর এবার জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন ৩৯ বছর বয়সী এই তারকা। বুয়েনস এইরেসের এস্তাদিও মনুমেন্তালে প্রায় ৮৫ হাজার দর্শকের সামনে হবে তার বিদায়ী ম্যাচ। সেটাই আপাতত গেঁথে থাকবে তার মননে-মগজে।
আর্জেন্টিনার জার্সিতে মেসির অর্জনের তালিকাও তাই দীর্ঘ। ২০৭ ম্যাচে তার গোল ১২৫টি, যা জাতীয় দলের ইতিহাসে সর্বোচ্চ। একই সঙ্গে ম্যাচ খেলার সংখ্যাতেও তিনি আর্জেন্টিনার রেকর্ডধারী। বিশ্বকাপ, কোপা আমেরিকা ও ফিনালিসিমা—জাতীয় দলের হয়ে সম্ভাব্য প্রায় সব বড় শিরোপাই জিতেছেন তিনি।
বাংলাদেশ সময় ৭ অক্টোবর ভোর ৫টায় শুরু হবে আর্জেন্টিনা–বেনিন ম্যাচ। বুয়েনস এইরেসে ম্যাচটি শুরু হবে ৬ অক্টোবর রাত ৮টায়। এখন অপেক্ষা স্রেফ সেই ম্যাচেরই।