০৬ অক্টোবর, ২০২৬
মিসরের গিজায় দ্বিতীয় তলার বারান্দা থেকে পড়ে যাওয়া পাঁচ বছরের এক শিশুকে ধরে বাঁচিয়েছেন এক যুবক।দ্রুত ছুটে গিয়ে শিশুটিকে ধরে ফেলেন তিনি।
এনডিটিভি জানায়, পুরো ঘটনাটি ক্যামেরায় ধরা পড়েছে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আহমেদ রাগাব গিজার আরদ এল-লিওয়া এলাকায় একটি দোকানের কাছে ছিলেন। এ সময় তিনি চিৎকার ও কান্নার শব্দ শুনতে পান।
পাশের একটি ভবনের দিকে তাকিয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই তিনি দেখতে পান, ওপর থেকে একটি শিশু পড়ে যাচ্ছে।
ভিডিওতে দেখা যায়, শিশুটিকে পড়তে দেখে রাগাব সঙ্গে সঙ্গে তার দিকে ছুটে যান। তিনি শিশুটির ঠিক নিচে গিয়ে দাঁড়ান। পড়ার সময় শিশুটি প্রথমে কাপড় শুকানোর একটি দড়িতে আঘাত পায়।
এতে মাটিতে পড়তে তার কিছুটা সময় লাগে। এই সুযোগে রাগাব শিশুটিকে দুই হাত দিয়ে ধরে ফেলেন। ফলে শিশুটি সরাসরি মাটিতে পড়ে যায়নি। উদ্ধারের পর আশপাশের লোকজন শিশুটিকে ঘিরে ধরেন।
রাগাব বলেন, সবকিছু এত দ্রুত ঘটেছিল যে নিজের নিরাপত্তার কথা ভাবার সময় পাননি।
শিশুটিকে বিপদে দেখে তিনি স্বাভাবিকভাবেই তার দিকে ছুটে যান। তিনি বলেন, শিশুটি নিরাপদ হওয়ার পরই তিনি বুঝতে পারেন পরিস্থিতি কতটা ভয়াবহ ছিল। কীভাবে তিনি ঠিক সময়ে শিশুটির কাছে পৌঁছাতে পেরেছেন, তা তিনি নিজেও জানেন না।
রাগাব আরো বলেন, একই পরিস্থিতি আবার তৈরি হলে তিনি একইভাবে শিশুটিকে বাঁচাতে পারবেন কি না, সে বিষয়ে তিনি নিশ্চিত নন। ঘটনার ভিডিও দ্রুত মিসরের সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিপদের মুহূর্তে দ্রুত সিদ্ধান্ত নিয়ে শিশুটিকে বাঁচানোর জন্য অনেকে রাগাবের প্রশংসা করেন।
তবে রাগাব বিষয়টিকে বড় করে দেখছেন না। তিনি বলেন, ওই সময় তার একমাত্র চিন্তা ছিল শিশুটিকে মাটিতে পড়ে যাওয়া থেকে বাঁচানো।
অভিভাবকদের ছোট শিশুদের ওপর সবসময় নজর রাখার আহ্বান জানিয়েছেন রাগাব। তিনি বলেন, বারান্দা ও জানালার কাছে এমন চেয়ার বা অন্য কোনো জিনিস রাখা উচিত নয়, যেগুলোতে উঠে শিশুরা সহজেই ওপরে পৌঁছাতে পারে।