০৬ অক্টোবর, ২০২৬
জন্ম ও মৃত্যুর ৪৫ দিনের মধ্যে ‘শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধন নিশ্চিতের’ স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস-২০২৬ উপলক্ষে মঙ্গলবার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের গ্র্যান্ড বলরুমে আয়োজিত অনুষ্ঠানে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের হাতে ক্রেস্ট ও বিশেষ সম্মাননা সনদ তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও প্রতিমন্ত্রী মীর শাহ আলম।
স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু নিবন্ধন রেজিস্ট্রার জেনারেলের কার্যালয়ের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী ড. আব্দুল মঈন খান। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম।
জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে সময়ানুবর্তিতা, নির্ভুলতা ও সেবার মান নিশ্চিত করার মাধ্যমে এ স্বীকৃতি অর্জন করায় রাজশাহী সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। একই সঙ্গে এ কার্যক্রমে সহযোগিতার জন্য রাজশাহী মহানগরবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
রাসিক প্রশাসক বলেন, নাগরিকদের জন্ম ও মৃত্যু নিবন্ধন নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করা একটি গুরুত্বপূর্ণ নাগরিক সেবা। দায়িত্ব গ্রহণের পর থেকেই নাগরিক সেবা নিশ্চিত করতে গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে। রাজশাহী সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, শুদ্ধ জন্ম ও মৃত্যু নিবন্ধনে এ স্বীকৃতি সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের আরও উৎসাহিত ও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও নাগরিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করতে সিটি করপোরেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।