☰
✕

নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪

০৬ অক্টোবর, ২০২৬

নারায়ণগঞ্জ জেলার সাত থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার আসামিসহ মোট ১৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদকসেবীই ৯৮ জন। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে গত সোমবার জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৮ জন, মাদক ব্যবসায়ী ৬ জন, মাদকসেবী ৯৮ জন, ছিনতাইকারী ২ জন, চোর ১ জন, ডাকাত ৭ জন, পরোয়ানাভুক্ত ১৮ জন, নিয়মিত মামলার আসামি ১১ জন এবং অন্যান্য আইনে ৩ জন রয়েছেন।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী, ৮ মাদকসেবী, নিয়মিত মামলার ২ আসামি ও পরোয়ানাভুক্ত ২ জনসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
ফতুল্লা মডেল থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্য, ২১০ গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, ২৮ মাদকসেবী, এক চোর, পরোয়ানাভুক্ত ৫ জন, নিয়মিত মামলার ২ আসামি ও অন্যান্য আইনে ৩ জনসহ মোট ৪২ জনকে গ্রেপ্তার করে।
সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় ১৮ মাদকসেবী, ২ ছিনতাইকারী ও পরোয়ানাভুক্ত ৩ জন সহ মোট ২৩ জনকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানা পুলিশ ২২ মাদকসেবী ও পরোয়ানাভুক্ত ৪ জনসহ মোট ২৬ জনকে গ্রেপ্তার করে।

সোনারগাঁ থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্য, ৫ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ী, ১৪ মাদকসেবী, ৬ ডাকাত, পরোয়ানাভুক্ত ৪ জন এবং নিয়মিত মামলার ২ আসামি সহ মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
রূপগঞ্জ থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ৩ সদস্য, ৯৫ পিস ইয়াবা, ৫০ গ্রাম গাঁজা ও এক গ্রাম হেরোইন সহ ২ মাদক ব্যবসায়ী, ৮ মাদকসেবী এবং নিয়মিত মামলার ৫ আসামি সহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করে। এ ছাড়া আড়াইহাজার থানা এলাকায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের এক সদস্য ও এক ডাকাতকে গ্রেপ্তার করা হয়।