☰
✕

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

০৬ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পেশাগত দায়িত্ব পালনরত সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের তিন নেতাকে সাংগঠনিকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল।

সোমবার (৫ অক্টোবর) রাতে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সহসভাপতি আহসান হাবিব ও যুগ্ম সাধারণ সম্পাদক হাসিব হাসানকে সাংগঠনিক পদ থেকে এবং ছাত্রনেতা বিশাল চক্রবর্তীকে প্রাথমিক সদস্যপদ থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে রোববার রাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ জিয়াউর রহমান হলের সামনে পেশাগত দায়িত্ব পালনের সময় কয়েকজন সাংবাদিক হামলার শিকার হন। এতে চার সাংবাদিক গুরুতর আহত হন। এ ঘটনায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে হামলায় জড়িত থাকার অভিযোগ ওঠে।

ঘটনার পর হামলাকারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিশ্ববিদ্যালয়ে কর্মরত সাংবাদিকরা। প্রতিবাদে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা ক্লাস বর্জনের পাশাপাশি মানববন্ধন কর্মসূচিও পালন করেন।

এদিকে হামলার ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে মামলা করেছে হল প্রশাসন। পাশাপাশি ঘটনার কারণ ও সংশ্লিষ্টদের ভূমিকা খতিয়ে দেখতে কেন্দ্রীয় ছাত্রদল একটি তদন্ত কমিটি গঠন করেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।