০৬ অক্টোবর, ২০২৬
বাঙালির আড্ডায় কিংবা ঘরোয়া যেকোনো অনুষ্ঠানে গরম-গরম ফিশ ফ্রাইয়ের জুড়ি নেই। রেস্টুরেন্টের ফিশ ফ্রাইয়ে অনেক সময় আসলি ভেটকির বদলে অন্য মাছের ব্যবহার নিয়ে সংশয় থেকে যায়।
এই ঝামেলা এড়াতে খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন ভেটকি মাছ দিয়ে তৈরি ফিশ ফ্রাই। চিজের পুরে তৈরি ভেটকি ফিশ ফ্রাই যেকোনো বিকেলের আড্ডায় বা অতিথি আপ্যায়নে বিশেষ এক আকর্ষণ হতে পারে। চলুন, জেনে নিই উপকরণ ও তৈরির সহজ নিয়ম।
প্রয়োজনীয় উপকরণ: ৫০০ গ্রাম ভেটকি মাছের ফিলে, ১টি পেঁয়াজ কুচি, ৪-৫ কোয়া রসুন, ১ ইঞ্চি আদা, ২-৩টি কাঁচা মরিচ কুচি, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি, ৫০ গ্রাম গ্রেটেড চিজ, ১টি ডিম, ১ কাপ ব্রেডক্রাম্বস, ২ টেবিল চামচ ময়দা, ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো লবণ ও ভাজার জন্য তেল।
মেরিনেশন ও চিজের ব্যবহার: পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা মরিচ ও ধনেপাতা কুচির সাথে লবণ ও গোলমরিচ গুঁড়ো একসাথে মিশিয়ে নিন। মাছের ফিলেগুলোতে এই মিশ্রণটি ভালো করে মাখিয়ে নিয়ে ওপর থেকে গ্রেট করা চিজ ছড়িয়ে দিন। এরপর ম্যারিনেট করা মাছ অন্তত এক ঘণ্টার জন্য ফ্রিজে রেখে দিন।
কোটিং ও মুচমুচে করার উপায়: একটি পাত্রে ময়দা ও কর্নফ্লাওয়ার মেশান, অন্য বাটিতে ডিম ফেটিয়ে নিন এবং একটি প্লেটে ব্রেডক্রাম্বস রাখুন।
ফ্রিজ থেকে মাছ বের করে প্রথমে ময়দা-কর্নফ্লাওয়ারে গড়িয়ে নিন, তারপর ডিমে ডুবিয়ে ব্রেডক্রাম্বসে ভালো করে কোট করুন। ফ্রাই বেশি মুচমুচে করতে পুনরায় ডিমে ডুবিয়ে দ্বিতীয়বার ব্রেডক্রাম্বসে গড়িয়ে নিন।
ভাজা ও পরিবেশন: কড়াইতে তেল গরম করে মাছের টুকরোগুলো ছাড়ুন। মাঝারি আঁচে দুই পিঠ সোনালি ও মুচমুচে না হওয়া পর্যন্ত ভেজে তুলে নিন। এবার কাসুন্দি বা মেয়োনিজের সাথে গরম-গরম পরিবেশন করুন ভেটকি ফিশ ফ্রাই।