☰
✕

পুষ্টির ঘাটতি কি আপনার মানসিক চাপের কারণ

০৭ অক্টোবর, ২০২৬

দৈনন্দিন মানসিক চাপ, অনিদ্রা বা অহেতুক মেজাজ খারাপ হওয়ার পেছনে কেবল বাহ্যিক কারণই দায়ী নয়; শরীরে নির্দিষ্ট কিছু ভিটামিন ও খনিজের অভাবও এর অন্যতম কারণ হতে পারে। পুষ্টিবিদদের মতে, ভিটামিন ও খনিজ উপাদানের ঘাটতি মানুষের উদ্বেগ, বিষণ্ণতা, মনমরা ভাব এবং মনোযোগের অভাবের মতো মানসিক সমস্যা তৈরি করতে পারে।

চলুন, জেনে নিই পুষ্টির অভাবে কি কি মানসিক সমস্যা হতে পারে।

উদ্বেগ বা অ্যানজাইটি
শরীরে ম্যাগনেসিয়াম ও ভিটামিন বি৬-এর মাত্রা স্বাভাবিকের চেয়ে কমে গেলে উদ্বেগের সৃষ্টি হতে পারে। মানসিক দুশ্চিন্তা কমানোর জন্য এই দুটি উপাদানের সঠিক ভারসাম্য বজায় রাখা জরুরি।

বিষণ্ণতা বা মনমরা ভাব
বিষণ্ণতার সাথে ভিটামিন ডি৩ এবং ভিটামিন বি১২-এর ঘাটতির সরাসরি সম্পর্ক রয়েছে।

এ ছাড়া অন্ত্রের স্বাস্থ্য বা পাচনতন্ত্রের ভারসাম্যহীনতাও বিষণ্ণতার কারণ হতে পারে।

মস্তিষ্কের ধোঁয়াশা বা ব্রেন ফগ
মনোযোগ দিতে না পারা বা স্পষ্ট চিন্তা করতে অসুবিধা হওয়াকে ব্রেন ফগ বলা হয়। শরীরে ভিটামিন বি১২, ওমেগা-৩ ফ্যাটি এসিড এবং ইস্ট্রোজেন হরমোনের মাত্রা কমে গেলে এ ধরনের সমস্যা দেখা দেয়।

অনিদ্রা ও ঘুমের সমস্যা
যারা রাতে নিয়মিত ঘুমের সমস্যায় ভোগেন, তাদের শরীরে ম্যাগনেসিয়াম, মেলাটোনিন এবং ভিটামিন বি১২-এর ঘাটতি থাকতে পারে।

অতিরিক্ত খিটখিটে মেজাজ
অল্পতেই মেজাজ বিগড়ে যাওয়া বা খিটখিটে ভাব হওয়ার পেছনে ইস্ট্রোজেনের স্বল্পতা, ভিটামিন বি১২ এবং ম্যাগনেসিয়ামের অভাব কাজ করতে পারে।

তবে চিকিৎসকদের মতে, এই লক্ষণগুলো দেখা দিলেই যে শুধু পুষ্টির ঘাটতি তা নয়। দীর্ঘস্থায়ী কোনো উপসর্গ দেখা দিলে নিজের মনমতো ওষুধ বা সাপ্লিমেন্ট না খেয়ে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।