০৭ অক্টোবর, ২০২৬
উচ্চশিক্ষার ব্যয় বৃদ্ধি ও বিভিন্ন প্রশাসনিক সংকটের প্রতিবাদে বেলজিয়ামের লিয়েজ শহরে শিক্ষার্থীদের চলমান বিক্ষোভ থেকে ১০৭ জনকে আটক করেছে পুলিশ। বুধবার স্থানীয় কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে দেশটির বার্তা সংস্থা বেলগা।
পুলিশ জানায়, অক্টোবরের শুরু থেকে চলা এই আন্দোলন চলাকালে আটক ব্যক্তিদের মধ্যে ৮০ জনকে প্রশাসনিক এবং ২৭ জনকে বিচার বিভাগীয় প্রক্রিয়ায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এর মধ্যে কেবল মঙ্গলবারই লিয়েজ বিশ্ববিদ্যালয়ের আশপাশের সড়ক থেকে ৫৩ জনকে আটক করা হয়। যাদের মধ্যে ৪৬ জন প্রশাসনিক এবং সাতজন বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। পুলিশের দাবি, বিক্ষোভ চলাকালে কিছু শিক্ষার্থী সম্পদ ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জড়িয়ে পড়ে।
বেলজিয়ামের ফরাসিভাষী অঞ্চলের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গত কয়েক দিন ধরে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। উচ্চশিক্ষার খরচ ও গণপরিবহন পাসের মূল্যবৃদ্ধি, শ্রেণিকক্ষে আসন সংকট, অতিরিক্ত ক্লাস সূচির চাপ এবং পাঠ্যসামগ্রী পাওয়ার জটিলতার অবসানের দাবিতে রাজপথে নামেন তারা।
স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বুধবার সকালে লিয়েজের 'অ্যাথেনি লিওনি ডি ওয়াহা' স্কুলের সামনে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে জড়ো হন। দিনব্যাপী তাদের এ কর্মসূচি অব্যাহত থাকার কথা রয়েছে।
উল্লেখ্য, উন্নত শিক্ষার পরিবেশ ও সুযোগ-সুবিধার দাবিতে প্রতিবেশী ফ্রান্সেও গত কয়েক দিন ধরে উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি চলছে। তার মধ্যেই বেলজিয়ামেও শিক্ষার্থীদের এ অসন্তোষ ছড়িয়ে পড়ল।