☰
✕

রাকসুর উদ্যোগে পাঁচ দিনব্যাপী নবীন সাংবাদিক প্রশিক্ষণ শুরু

০৮ অক্টোবর, ২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) মিডিয়া ও প্রকাশনা বিভাগের উদ্যোগে পাঁচ দিনব্যাপী ‘নবীন সাংবাদিক ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মশালা-২০২৬’ শুরু হয়েছে। পাঁচ দিনব্যাপী এই ফেলোশিপ ও প্রশিক্ষণ কর্মশালায় বাছাই করা ২৭ জন নবীন সাংবাদিক ফেলো হিসেবে অংশগ্রহণ করেছেন।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় রাকসুর কনফারেন্স রুমে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মশালাটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আগামী ১০ অক্টোবর (শনিবার) সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এর সমাপ্তি হবে। কর্মশালায় সংবাদ সংগ্রহ, প্রতিবেদন লেখা, তথ্য যাচাই, সাক্ষাৎকার, এআই ও বিভিন্ন মাধ্যমে সাংবাদিকতাসহ নানা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

উদ্বোধনী সেশনে রাকসুর মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মো. মুজাহিদ ইসলামের সভাপতিত্বে এবং সহ-মিডিয়া ও প্রকাশনা সম্পাদক আসাদুল্লাহ গালিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট কথাসাহিত্যিক ও ‘রাজশাহী সংবাদ’-এর প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ, রাকসুর সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) সালমান সাব্বির, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুবায়ের জিসান, রাজশাহী বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিসাস) সহ-সভাপতি সাজিদ হোসেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটির (রুরু) সভাপতি নূর আহসান মৃদুল ও সাধারণ সম্পাদক ইবতেসাম হাসান শান্ত।

কর্মশালায় কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন দৈনিক আমার দেশ-এর রাজশাহী ব্যুরো অফিসের স্টাফ রিপোর্টার এম শামীম। মেন্টর হিসেবে নবীন সাংবাদিকদের দিকনির্দেশনা দেবেন দ্য ডেইলি স্টারের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও রুরু’র সভাপতি নূর আহসান মৃদুল, প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাজিদ হোসেন এবং দৈনিক আমার দেশ-এর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. ফাহমিদুর রহমান ফাহিম।

আয়োজকেরা জানান, রাকসু কনফারেন্স রুমে আয়োজিত পাঁচ দিনের এই প্রশিক্ষণ কর্মশালায় নবীন সাংবাদিকদের মৌলিক বিষয়, সংবাদ সংগ্রহ, প্রতিবেদন লিখন, তথ্য যাচাই, সাক্ষাৎকার গ্রহণ, প্রিন্ট, অনলাইন, এআই ও টেলিভিশন সাংবাদিকতাসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হবে।

কর্মশালার প্রথম দিন মঙ্গলবার (৬ অক্টোবর) ‘প্রিন্ট ও মূলধারার সাংবাদিকতা’ বিষয়ে প্রশিক্ষণ দেন রাজশাহী সংবাদ-এর প্রধান সম্পাদক ডা. নাজিব ওয়াদুদ। এ সেশনে সংবাদের পরিচয়, উৎস সন্ধান, সংগ্রহ ও লিখন কৌশল নিয়ে আলোচনা করা হয়।

দ্বিতীয় দিন (৭ অক্টোবর) এখন টিভির রিপোর্টার মারুফ হাসানের পরিচালনায় ‘মোজো, সোশ্যাল মিডিয়া ও কনটেন্ট ক্রিয়েশন’ বিষয়ে সেশন অনুষ্ঠিত হবে। এতে স্মার্ট রিপোর্টিং ও নতুন যুগের কনটেন্ট নিয়ে আলোচনা করা হবে।

কর্মশালার তৃতীয় দিন (৮ অক্টোবর) বুম বাংলাদেশের ফ্যাক্ট চেকার ও পিআইবি প্রশিক্ষক তাওসিফ আকবরের পরিচালনায় ‘এআই সাংবাদিকতা ও ফ্যাক্ট চেকিং’ সেশন অনুষ্ঠিত হবে। এতে নিউজরুমে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, প্রম্পট ইঞ্জিনিয়ারিং ও এআই এথিকস তুলে ধরা হবে।

চতুর্থ দিন (৯ অক্টোবর) প্রথম সেশনে রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক ডালিম হোসেন শান্ত ‘সাংবাদিকতায় নৈতিকতা ও সাইবার সুরক্ষা আইন’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন। দ্বিতীয় সেশনে বিএফইউজের যুগ্ম মহাসচিব ও কালের কণ্ঠের রাজশাহী ব্যুরোর ড. সাদিকুল ইসলাম স্বপন ‘সাংবাদিকতার ধরন ও চ্যালেঞ্জ’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন।

সবশেষে ১০ অক্টোবর (শনিবার) কর্মশালার পঞ্চম ও শেষ দিনে সময় টিভির সিনিয়র রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ ‘টেলিভিশন ও ব্রডকাস্ট সাংবাদিকতা’ বিষয়ে প্রশিক্ষণ দেবেন। ‘ক্যাম্পাস টু ক্যারিয়ার: ব্রডকাস্ট জার্নালিজম ও স্ক্রিনের গল্প’ বিষয়ক এ সেশনের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হবে।