০৮ অক্টোবর, ২০২৬
মেজবানি মাংসের নাম শুনলেই ভোজনরসিকদের জিভে পানি চলে আসে।ঝাল-মসলার তীব্র ঘ্রাণ, গাঢ় মসলার আস্তরণ আর মাংসের অনন্য স্বাদ-সব মিলিয়ে মেজবানি পদে রয়েছে আলাদা এক আকর্ষণ। একবার এই স্বাদ মুখে লেগে গেলে তা সহজে ভোলার নয়।
মেজবানি স্বাদের কথা উঠলেই সাধারণত গরুর মাংসের কথাই মনে আসে। তবে মুরগির মাংস দিয়েও মেজবানি ঘরানার দারুণ স্বাদের পদ রান্না করা যায়। তাই মেজবানি স্বাদের টান মেটাতে এবার আর বাইরে গিয়ে বেশি পয়সা খরচের দরকার নেই। ঘরেই অল্প কিছু উপকরণ আর সঠিক রান্নার কৌশলে তৈরি করে ফেলতে পারেন মজাদার মেজবানি মুরগি ভুনা। গরম ভাতের সঙ্গে এই ঝাল-মসলাদার পদ জমিয়ে দিতে পারে যেকোনো ঘরোয়া খাবারের আয়োজন।
আসুন জেনে নেওয়া যাক, বাড়িতে মুরগির মেজবানি ভুনা করবেন যেভাবে-
উপকরণ
মুরগির মাংস ২ কেজি
পেঁয়াজ কুঁচি ২ কাপ
পেঁয়াজ বাটা ১ কাপ
আদা বাটা ২ টেবিল চামুচ
রসুন বাটা দেড় টেবিল চামচ
হলুদ গুঁড়া ২ চা চামচ
মরিচ গুঁড়া দেড় চা চামচ
ধনিয়া গুঁড়া দেড় চা চামচ
সরিষা বাটা ১ টেবিল চামচ
পোস্তদানা বাটা ১ চা চামচ
তেজপাতা ২-৩ টি
কাঁচা মরিচ ৭-৮ টি
লবণ স্বাদমতো
তেল ১ কাপ
ভাজা মসলার জন্য লাগবে
জিরা ১ টেবিল চামচ
এলাচি ৩-৪ টি
দারুচিনি ৩ টিজয়ত্রী কয়েক টুকরা
মৌরি ১ চা চামচ
মেথি ১ চা চামচ
কাবাবচিনি ১ চা চামচ
জায়ফল সামান্য
প্রস্তুত প্রণালি
প্রথমে মেজবানি মসলার জন্য প্রয়োজনীয় শুকনা মসলা তাওয়ায় দিয়ে অল্প আঁচে হালকা ভেজে নিন। মসলা বেশি ভাজবেন না। বেশি ভাজা হলে মসলার স্বাদ তিতা হয়ে যেতে পারে। মসলা থেকে সুন্দর ঘ্রাণ বের হলে চুলা বন্ধ করে ঠান্ডা করে গুঁড়া করে নিন। এই ভাজা মসলাই মেজবানি মুরগির স্বাদে এনে দেবে বাড়তি ঘ্রাণ ও স্বাদ।
এবার একটি বড় পাত্রে মাংস নিয়ে তাতে ভাজা মসলার অর্ধেকটা দিয়ে দিন। এর সঙ্গে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, সরিষা বাটা, পোস্তদানা বাটা, তেজপাতা ও লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মসলা যেন মাংসের প্রতিটি টুকরোয় ভালোভাবে লেগে যায়, সেদিকে খেয়াল রাখুন। এরপর মাংস ঢেকে অন্তত এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন।
ম্যারিনেট করা হয়ে গেলে চুলায় একটি হাঁড়ি বসিয়ে পরিমাণমতো তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে ধীরে ধীরে ভেজে সুন্দর লালচে বেরেস্তা তৈরি করুন। বেরেস্তা হয়ে গেলে তা তুলে রেখে একই হাঁড়িতে ম্যারিনেট করা মাংস দিয়ে দিন। এবার মাঝারি আঁচে মাংস ভালোভাবে কষাতে থাকুন। মাংস থেকে তেল বের হয়ে মসলা কষে এলে অল্প পরিমাণ পানি দিয়ে ঢেকে রান্না করুন।
মাংস সিদ্ধ হয়ে ঝোল শুকিয়ে যখন মাখা মাখা ভাব চলে আসবে, তখন এতে কাঁচা মরিচ ও আগে তৈরি করে রাখা ভাজা মসলার বাকি অর্ধেকটা দিয়ে দিন। সবকিছু ভালোভাবে মিশিয়ে এবার কম আঁচে আরও প্রায় ২০ মিনিট রান্না করুন। মাঝে মাঝে নেড়ে দেবেন, যাতে নিচে লেগে না যায়। মাংস থেকে তেল উঠে এলে বুঝবেন মেজবানি মুরগি ভুনা প্রায় তৈরি।
চুলা বন্ধ করে কিছুক্ষণ ঢেকে রাখুন। এতে মসলার ঘ্রাণ আরও ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যাবে। এরপর গরম গরম মেজবানি মুরগি ভুনা ভাত, চালের রুটি কিংবা পরোটার সঙ্গে পরিবেশন করুন।