০৮ অক্টোবর, ২০২৬
নাটোর রেলওয়ে স্টেশনে জার্মান নাগরিক কিরিল লেন্ডার উইবারের ব্যাগ চুরির ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করেছে পুলিশ। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওই ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। বর্তমানে তাকে গ্রেপ্তার ও চুরি যাওয়া ব্যাগ উদ্ধারে অভিযান চলছে।
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্টেশনের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হলুদ কটি পরা এক যুবক জার্মান নাগরিক কিরিলের সঙ্গে কৌশলে সখ্যতা গড়ে তোলেন। একপর্যায়ে কিরিলের কাছ থেকে ব্যাগটি নেওয়ার সুযোগ পেয়ে নিজের পরা কটির ভেতরে ব্যাগটি লুকিয়ে সেখান থেকে সরে পড়েন ওই যুবক।
সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল উদ্দিন জানান, ঘটনার খবর পাওয়ার পর থেকেই রাতভর ব্যাগ উদ্ধারে কাজ করছে পুলিশ। ইতোমধ্যে নাটোর রেলওয়ে স্টেশনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা পর্যালোচনা করা হয়েছে।
এর আগে বুধবার নাটোরে আসেন ১৮ বছর বয়সী জার্মান নাগরিক কিরিল লেন্ডার উইবার। স্টেশনে হলুদ কটি পরা এক ব্যক্তি নিজেকে রেলের কর্মী পরিচয় দিয়ে তার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি করেন। পরে টিকিট কাটতে যাওয়ার সময় সরল বিশ্বাসে ওই ব্যক্তির কাছে নিজের ব্যাগ রেখে যান কিরিল।
টিকিট নিয়ে ফিরে এসে তিনি দেখতে পান, ব্যাগসহ ওই ব্যক্তি সেখানে নেই। ব্যাগে একটি ল্যাপটপ, ক্যামেরাসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিগত জিনিসপত্র ছিল বলে জানান কিরিল।
ব্যাগ হারানোর পর রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন তিনি। পরে তাকে নাটোর সদর থানায় পাঠানো হয়। সেখানে সহায়তার অপেক্ষায় দীর্ঘ সময় অবস্থান করেন কিরিল। এ সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। গভীর রাত পর্যন্ত তার সঙ্গে থানায় ছিলেন সাংবাদিকরাও।
নাটোরে ভালো মানের হোটেল না থাকায় নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে পরে কিরিলকে রাজশাহীতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছিল, তার ম্যাকবুকের সর্বশেষ লোকেশন রাজশাহীতে শনাক্ত হয়েছে।