০৯ অক্টোবর, ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাঙালি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ড্রেজার মেশিন ও বালু উত্তোলন ব্যবহৃত পাইপ ধ্বংস করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকালে উপজেলার হরিরামপুর ইউনিয়নের বাঙালি নদীর বড়দহ ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তামশিদ ইরাম খান। অভিযান সূত্রে জানা গেছে, বালু সিন্ডিকেটের সদস্যরা উপজেলার বড়দহ সেতু সংলগ্ন বাঙালি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে বিকালে ওই এলাকায় অভিযান চালানো হয়। তবে অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশিদ ইরাম খান বলেন, অভিযানের বালু উত্তোলনকারীরা পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। তবে একটি ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।