০৯ অক্টোবর, ২০২৬
ইংলিশ ক্লাব ফুলহামের একাডেমিতে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন ফারহান আলী ওয়াহিদ। ২০২৬ সালের জনি হেইন্স ট্রফি জিতেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের এই ফরোয়ার্ড।
সতীর্থদের ভোটে পাওয়া এই পুরস্কার তার ক্যারিয়ারে যোগ করল নতুন এক অর্জন।
বর্তমানে ইংল্যান্ডের ন্যাশনাল লিগের ক্লাব বোরহাম উডে ধারে খেলছেন ফারহান। সম্প্রতি ফুলহামের অনুশীলনকেন্দ্র মোটসপুর পার্কে গিয়ে পুরস্কারটি গ্রহণ করেন তিনি। তার হাতে জনি হেইন্স ট্রফি তুলে দেয় ফুলহাম সাপোর্টার্স ট্রাস্ট।
গত মৌসুমে পেশাদার ফুটবলে নিজের প্রথম বছরেই নজর কাড়েন ফারহান। ফুলহামের অনূর্ধ্ব-২১ দলের হয়ে প্রিমিয়ার লিগ টুতে ২১ ম্যাচে ১৭টি গোলে অবদান রাখেন তিনি। তার পারফরম্যান্সে ভর করে লিগে চতুর্থ স্থান অর্জন করে দলটি।
গত বছরের নভেম্বরে প্রতিযোগিতাটির মাসসেরার খেলোয়াড়ের পুরস্কারও জেতেন ফারহান।
পাশাপাশি মৌসুমসেরার পুরস্কারের জন্যও মনোনীত হন।
এমন পারফরম্যান্সের পর গ্রীষ্মকালীন দলবদলে ফারহানকে ধারে দলে ভেড়ায় বারহাম উড। ক্লাবটির হয়ে এখন পর্যন্ত চারটি ম্যাচে শুরু থেকে খেলেছেন এই উইঙ্গার। ১২ ম্যাচ শেষে ন্যাশনাল লিগের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা বোরহাম উডের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা দলের ব্যবধান ৭ পয়েন্ট।
ক্লাব ফুটবলে সাফল্যের ধারাবাহিকতা জাতীয় দলেও দেখিয়েছেন ফারহান।
গত সেপ্টেম্বরে প্রথমবারের মতো বাংলাদেশের দলে ডাক পান তিনি। ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় তার। এরপর ইন্দোনেশিয়ার বিপক্ষে বদলি হিসেবে নেমে গোলও করেন এই তরুণ।
জনি হেইন্স ট্রফি জিতে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ফারহান, ‘সতীর্থদের ভোটে এই পুরস্কার জিততে পেরে দারুণ লাগছে। এটি আমার জন্য খুবই তৃপ্তিদায়ক অনুভূতি। এই ট্রফি যারা জিতেছেন, তাদের নামের দিকে ফিরে তাকালে বুঝতে পারি, এটি জিততে পারা কতটা বিশেষ ব্যাপার।’