☰
✕

কালীগঞ্জে ৫৬ বস্তা সার জব্দ, ব্যবসায়ীকে জরিমানা

০৯ অক্টোবর, ২০২৬

লালমনিরহাটের কালীগঞ্জে অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় মো. জামাল উদ্দিন নামের এক ব্যক্তিকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে উপজেলার তুষভান্ডার ইউনিয়নের বৈরাতি হাজিরহাট এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম।

ইউএনও সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জামাল উদ্দিনের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির রান্নাঘর থেকে ৫৬ বস্তা সার উদ্ধার করা হয়। এর মধ্যে ৪০ বস্তা ইউরিয়া, ৪ বস্তা এমওপি ও ১২ বস্তা ডিএপি সার রয়েছে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অবৈধভাবে সার মজুতের দায়ে জামাল উদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা সার সরকারি নির্ধারিত মূল্যে অনুমোদিত ডিলারের কাছে বিক্রি করা হয়েছে।

সাইফুল ইসলাম বলেন, কৃষকদের জন্য বরাদ্দ করা সার অবৈধভাবে মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না। সরকারি নির্দেশনা অমান্য করে কেউ সার মজুত করলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কৃষকদের স্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।