☰
✕

ওয়ালটন হেডকোয়ার্টার্স ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন টিম এসি

১০ অক্টোবর, ২০২৬

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬। ওয়ালটন পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতা, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য এবং কর্মব্যস্ততার মাঝে আনন্দ ও বিনোদনের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

টুর্নামেন্টে ওয়ালটনের বিভিন্ন বিভাগ ও ইউনিটের মোট ৩২টি দল অংশ নেয়। প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় মোট ৬৩টি ম্যাচ। ১২ ওভারের শর্টপিচ ফরম্যাটে আয়োজিত টুর্নামেন্টজুড়ে খেলোয়াড় ও দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

বুধবার (৭ অক্টোবর) জমজমাট ফাইনালে মুখোমুখি হয় টিম এসি ও টিম মোবাইল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে টিম মোবাইলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে টিম এসি।

ফাইনাল ম্যাচে উপস্থিত থেকে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম সবার সঙ্গে বসে খেলা উপভোগ করেন। তার উপস্থিতি খেলোয়াড় ও দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ সৃষ্টি করে। মাঠে খেলোয়াড়দের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পারফরম্যান্সের পাশাপাশি দর্শকদের উচ্ছ্বাসে পুরো আয়োজনটি পরিণত হয় আনন্দঘন ক্রীড়া উৎসবে।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন ওয়ালটনের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম। এ সময় বিজয়ী দলের সদস্যদের অভিনন্দন জানান তিনি। পাশাপাশি খেলা উপভোগ করতে আসা দর্শকদের মধ্য থেকে নির্বাচিত ২৫ জন দর্শকের হাতেও পুরস্কার তুলে দেওয়া হয়।

আয়োজকরা জানান, কর্মীদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করা এবং কর্মক্ষেত্রে প্রাণবন্ত ও ইতিবাচক পরিবেশ তৈরিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা যেমন শারীরিক সক্ষমতা ও মানসিক উৎফুল্লতা বাড়ায়, তেমনি সহকর্মীদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব, শৃঙ্খলা ও টিমওয়ার্ক আরো শক্তিশালী করে।

ওয়ালটন হেডকোয়ার্টার্স স্পোর্টস কমিটির আয়োজনে অনুষ্ঠিত এই ক্রিকেট টুর্নামেন্ট ওয়ালটন পরিবারের সদস্যদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। আয়োজকদের প্রত্যাশা, ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন আরো বড় পরিসরে অব্যাহত থাকবে।

সে সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটনের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ ইউসুফ আলী, সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মো. তানভীর রহমান, সোহেল রানা, নিজাম উদ্দিন চৌধুরী, প্রতীক কুমার মোদক ও কাওসার উদ্দীন চৌধুরী, এক্সিকিউটিভ ডিরেক্টর রাজু আহমেদ, মেজর (অব.) আবদুল্লাহ আল মামুন এবং হেড অব অ্যাডমিন তানভীর আহাম্মদ প্রমুখ।