☰
✕

স্বর্ণপদকের জন্য মনোনীত ইবির ২৪ শিক্ষার্থী

১০ অক্টোবর, ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২৪ শিক্ষার্থী। ২০১৯, ২০২০ ও ২০২১ সালের জন্য বিশ্ববিদ্যালয়টির আটজন করে মোট ২৪ শিক্ষার্থীকে এ পদকের জন্য মনোনীত করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০১৯-এর জন্য মনোনীত ইবি শিক্ষার্থীরা হলেন—আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের তোহা তরীক, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের রায়হান আলী, অর্থনীতি বিভাগের মিজানুর রহমান, আইন বিভাগের নাজমুন ইসলাম, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ফিরোজ খান, পরিসংখ্যান বিভাগের সুপ্তি চক্রবর্তী সাধনা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সেলিম রেজা জীবন এবং বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের মুনতাহা বিনতে মুখলেস।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২০-এর জন্য মনোনীত হয়েছেন আরবি ভাষা ও সাহিত্য বিভাগের ওলিউল্লাহ, আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের খাইরুল ইসলাম, অর্থনীতি বিভাগের সোহাগ হোসাইন, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের মোহাম্মদ ইলিয়াস, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাহমুদুল হাসান, গণিত বিভাগের দেলোয়ার হোসাইন, ফলিত রসায়ন বিভাগের ফাতেমাতুজ্জোহরা এবং বায়োটেকনোলজি বিভাগের আল আমিন মিলন।

এছাড়া, প্রধানমন্ত্রী স্বর্ণপদক-২০২১-এর জন্য আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের আশিক বিল্লাহ, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের আতিকুর রহমান, লোক প্রশাসন বিভাগের সাদিকুর রহমান, আল-ফিকহ অ্যান্ড ল বিভাগের তারেক মনোয়ার, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের নাহিদুজ্জামান, গণিত বিভাগের রাসেল ইসলাম, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের হালিম হোসাইন এবং ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের তামান্না খাতুন মনোনীত হয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “ইউজিসি কর্তৃক প্রবর্তিত 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক' ২০১৯, ২০২০ ও ২০২১ প্রদানের লক্ষ্যে বিশ্ববিদ্যালয়সমূহ থেকে প্রাপ্ত মনোনীত প্রার্থীদের আবেদন যাচাই-বাছাইপূর্বক প্রাথমিকভাবে প্রস্তুতকৃত তালিকাটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় দ্বারা পুনরায় যাচাইয়ের পর মোট চারশত উনসত্তর জন শিক্ষার্থীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে, যা ইউজিসির অফিসিয়াল ওয়েবসাইট ([www.ugc.gov.bd](http://www.ugc.gov.bd)) -এর সম্মাননা সেবাবক্সের 'প্রধানমন্ত্রী স্বর্ণপদক' লিঙ্কে পাওয়া যাবে।”

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, “উক্ত তালিকার বিষয়ে কোনো প্রার্থী বা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনো মতামত, আপত্তি কিংবা বক্তব্য থাকলে তা প্রয়োজনীয় প্রমাণকসহ আগামী ৩১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পরিচালক, রিসার্চ গ্রান্টস এন্ড এওয়ার্ড বিভাগ, আগাঁরগাও, শেরে বাংলা নগর, ঢাকা-১২০৭ বরাবর লিখিতভাবে অথবা ই-মেইলের ([award.ugc2026@gmail.com](mailto:award.ugc2026@gmail.com)) মাধ্যমে অবহিত করার জন্য অনুরোধ করা হলো। উল্লিখিত সময়ের পর আর কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না এবং প্রকাশিত তালিকাটিই চূড়ান্ত বলে গণ্য হবে।”

প্রসঙ্গত, ২০০৫ সালে ইউজিসি প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রবর্তন করে। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠানের স্নাতক বা স্নাতকোত্তর পর্যায়ে বিভিন্ন অনুষদে সর্বোচ্চ নম্বর বা সিজিপিএ অর্জনকারী সেরা শিক্ষার্থী বা প্রথম স্থান অধিকারীরা এ পদক পান।