১০ অক্টোবর, ২০২৬
ক্রিশ্চিয়ানো রোনালদোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশনের ডিসিপ্লিনারি কাউন্সিল। আন্তর্জাতিক বিরতিতে ডেনমার্কের বিপক্ষে পর্তুগালের ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগে তার জাতীয় দলের ক্যাম্প ছাড়ার সিদ্ধান্তের কারণে এই পদক্ষেপ নিয়েছে তারা।
কাউন্সিল আল নাসরের অধিনায়ককে অস্বয়ংক্রিয় ভিত্তিতে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে এবং মামলাটিকে ‘জরুরি’ হিসেবে শ্রেণীবদ্ধ করেছে। তদন্ত শেষ হওয়া ও চূড়ান্ত শাস্তির অপেক্ষায় এটি প্রথম আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা।
পর্তুগিজ সংবাদপত্র আ বোলা-র প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার অপেশাদার বিভাগের জারি করা সিদ্ধান্তের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গত বুধবারের ঘটনায় শৃঙ্খলাভঙ্গের মাত্রা কতখানি তা নির্ধারণ করাই এর উদ্দেশ্য। ফেডারেশন মামলাটি তাদের শৃঙ্খলা তদন্ত কমিটির কাছে হস্তান্তর করেছে এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সমস্ত বিবরণ গোপন রাখার কথা নিশ্চিত করেছে।
পর্তুগিজ ফেডারেশনের শৃঙ্খলাবিধি অনুযায়ী ক্যাম্প ত্যাগ অন্যায্য প্রমাণিত হলে রোনালদো এক থেকে ছয় মাসের নিষেধাজ্ঞা এবং আর্থিক জরিমানার মুখোমুখি হতে পারেন। নিয়ম অনুযায়ী পেশাদার খেলোয়াড়দের জন্য ৫ থেকে ১০ অ্যাকাউন্টিং ইউনিট, প্রায় ৫০০ থেকে ১,০০০ ইউরো জরিমানা হতে পারে।
নরওয়ের বিপক্ষে হাফটাইমের পর মাঠে নামার প্রত্যাশা করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু পুরোটা সময় তাকে বেঞ্চে বসিয়ে রাখা হয়। তারপর ডেনমার্কের বিপক্ষে খেলতে পারবেন না জেনে ম্যাচের একদিন আগে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে যান পর্তুগাল অধিনায়ক। দলে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়ে রোনালদো নিজেই নিজের শাস্তি চেয়েছেন।
মূলত কোচ জর্জ জেসুসের সঙ্গে মনোমালিন্য হওয়ার কারণে কোপেনহেগেনের ক্যাম্প ছাড়েন রোনালদো। আন্তর্জাতিক বিরতি শেষে ওই ঘটনা নিয়ে দীর্ঘ এক বিবৃতি দেন তিনি। সেখানে কোচের বিরুদ্ধে দুইবার প্রতিশ্রুতি ভঙ্গের কথা বলেন।
এছাড়া হুট করে ক্যাম্প ছাড়ার জন্য পর্তুগিজ ভক্ত-সমর্থক ও সতীর্থদের কাছে ক্ষমা চান রোনালদো। তবে তাতে অবসরের কোনোও আভাস দেননি। বরং আরও কিছু দিন খেলতে চেয়েছেন। একই সঙ্গে ফেডারেশনের কাছ থেকে কোনো নিষেধাজ্ঞা এলে তা মেনে নেওয়ার কথা জানান। তিনি বলেন, ‘একটি বা আরও কিছু বিদায়ী ম্যাচ। আমি যদি শারীরিকভাবে ফিট থাকি, ক্লাবের হয়ে খেলি, গোলও করতে থাকি, তাহলে আমাকে দেওয়া নিষেধাজ্ঞা শেষে আমি আমাদের জাতীয় দলের জন্য লড়াই করার ও জেতার জন্য তৈরি থাকব। বিশ্বাস করুন, এটাই নিখাদ সত্য।’
ক্যাম্প ত্যাগের এই সংকট সত্ত্বেও পর্তুগিজ জাতীয় দলের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলোতে গত শুক্রবার সৌদি প্রো লিগে আল-দিরিয়ার বিপক্ষে রোনালদোর করা গোল উদযাপন করা হয়েছে।